# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জলমহালের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাবেদ মাহমুদসহ উভয় পক্ষে অন্তত ৫ জন। ঘটনাটি ঘটেছে ১৮ মে রোববার সকালে। এ ঘটনায় জাবেদ মাহমুদ বাদী হয়ে ১১ জনের নামে ১৯ মে সোমবার অষ্টগ্রাম থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
স্থানীয়রা জানান, অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় সবুরের ভাঙ্গা নামে একটি জলমহাল রয়েছে। এ জলমহালে বাহাদুরপুর জামে মসজিদ, কাস্তুল ইউনিয়ন পরিষদ ও স্থানীয় লোকদের মালিকানা রয়েছে। আগে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জলমহালটি ইজারা দেওয়া হতো। বছরে ৬০ লাখ টাকার মত পাওয়া যেত। টাকাগুলো মালিকানার অংশ অনুযায়ী ভাগ হতো।
আওয়ামী লীগ সরকার পতনের পর উপজেলা বিএনপির সভাপতি সাঈদ আহমেদের নেতৃত্বে জলমহালটি দখল হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। যদিও সাঈদ আহমেদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে বাহাদুরপুরের লোকজন দখলে বাধা হয়ে দাঁড়িয়েছেন। যে কারণে সাঈদ আহমেদের ইঙ্গিতে রোববার সকালে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাসহ অষ্টগ্রম সদর ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে বাহাদুরপুর এলাকায় যান। বিষয়টি আগে থেকেই জানতে পেরে কাস্তুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামান ভূঁইয়া ও ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সুমন ভূঁইয়ার নেতৃত্বে বাহাদুরপুর এলাকার লোকজন প্রস্তুতি নিয়ে অবস্থান গ্রহণ করেন।
সাঈদ আহমেদের লোকজন বাহাদুরপুরের আনন্দবাজারে গেলে অপর পক্ষের বাধার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির সভাপতি সাঈদ আহমেদের লোক বলে পরিচিত উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাবেদ মাহমুদ, বাহাদুরপুরের জোবায়ের খাঁ রুবেলসহ উভয় পক্ষে অন্তত ৫ জন আহত হন। জাবেদ অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল সরাসরি কারও নাম উল্লেখ না করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্র ও জেলার শীর্ষস্থানীয় নেতারা সবসময় দখল আর চাঁদাবাজির বিরুদ্ধে হুশিয়ারি দিচ্ছেন। কারও বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থারও হুশিয়ারি দিচ্ছেন। আমি নিজেও দখল চাঁদাবাজির ঘোর বিরোধী। আমার কোন অনুসারী রোববার জলমহালের মারামারিতে অংশ নেননি। মারামারির বিষয়টি আমি দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকেও জানিয়েছি। নিজেদের মধ্যে মারামারি করে দলের বদনাম হচ্ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে। এখন নিজেদের দলের লোকদের নামেই মামলা হয়েছে। এটা দুঃখজনক।
তবে উপজেলা বিএনপির সভাপতি সাঈদ আহমেদ বলেন, এই জলমহালের দখলের সাথে তার কোন সম্পর্ক নেই। অনেকেই উদ্দেশ্যমূলকভাবে এসব ঘটনায় তাঁর নাম জড়িয়ে দেন। প্রকৃতপক্ষে জসিম নামে এক ব্যক্তির জমি আছে জলমহালের কাছে। তিনিই মূলত জলমহালটি এখন ইজারা দেন। বাহাদুরপুরবাসী অভিযোগ করলে জসিমের বিরুদ্ধে করতে পারেন। এর সাথে আমার কোন সম্পর্ক নেই।
ওসি রুহুল আমিন জানিয়েছেন, জাবেদের ওপর হামলার ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে ১৯ মে সোমবার ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। প্রধান আসামি করেছেন জুবায়ের খাঁ রুবেলকে। কাস্তুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি সুমন ভূঁইয়াকে করা হয়েছে চার নম্বর আসামি। এজাহারে বাদী বলেছেন, আসামিদের সাথে পূর্ব বিরোধ ছিল। বিভিন্ন সময় হুমকি দিতেন। রোববার মোটরসাইকেল দলীয় কাজে কিশোরগঞ্জ যাওয়ার পথে আনন্দবাজারে তার ওপর হামলা চালানো হয়েছে। এদিকে চার নম্বর আসামি ওয়ার্ড যুবদল সভাপতি সুমন ভূঁইয়া জানিয়েছেন, প্রধান আসামি রুবেল ঢাকায় বিএনপিতে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের আমলে মামলায় পড়ে এলাকায় চলে এসেছেন। তিনিও রোববার আহত হয়েছেন। তবে এ মামলায় রোববার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি বলে ওসি রুহুল আমিন জানিয়েছেন।