# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে চিংড়ি মাছে জেলিযুক্ত করে বিক্রির দায়ে এক মাছ আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় পৌর শহরের নৈশ মৎস্য আড়তে অভিযান চালিয়ে মামনি মৎস্য আড়ত মালিক সেলিম মিয়াকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক ও ভূমি অফিস কর্মকর্তারাসহ ভৈরব থানার পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে ভৈরবের বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পলতাকান্দা এলাকার নৈশ মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামনি মৎস্য আড়ত থেকে জেলিযুক্ত ৩৫ কেজি চিংড়ি জব্দ করা হয়। এই অপরাধে আড়তদার মালিক সেলিম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফী বলেন, ভৈরব ব্যবসায়ী বন্দর এলাকা। প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিভিন্ন প্রজাতির মাছ আসে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি জেলিযুক্ত চিংড়ি বিক্রি হচ্ছে। জেলি ব্যবহার করলে মাছের ওজন বেড়ে যায়। ক্রেতা সাধারণকে ঠকানো হয়। এছাড়াও জেলি মানব দেহের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ। মাছগুলো জব্দ করা হয়েছে। এগুলো বিনাশ সাধন করা হবে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।