# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জ জেলার পিডিবি (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) ৫টি অঞ্চলে বিভক্ত। কিশোরগঞ্জ সদর, ভৈরব, ভৈরবের শিমুলকান্দি, কুলিয়ারচর ও বাজিতপুর। বৃহস্পতিবার জেলা পিডিবি কার্যালয়ে গিয়ে জানা গেছে, পুরো জেলায় সরকারি-বেসরকারি গ্রাহক আছেন প্রায় ৭৬ হাজার। কোন কোন গ্রাহকের একাধিক মিটার আছে। ফলে প্রতি মাসে বিল তৈরি হয় প্রায় তিন লাখ।
এতদিন অনলাইনে বিল তৈরির কাজটি করার জন্য জেলা পিডিবি কার্যালয়ে একটি বিলিং সেকশন বা কম্পিউটার সেকশন ছিল। কোন গ্রাহকের বিল নিয়ে কোন আপত্তি থাকলে সহজেই জেলা কার্যালয়ে গিয়ে অভিযোগ জানাতে পারতেন, প্রয়োজনে বিল সংশোধন করে আনতে পারতেন। কিন্তু এই বিলিং সেকশনটি গত জানুয়ারি মাস থেকে চলে গেছে ময়মনসিংহ শহরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ৭৬ হাজার গ্রাহক।
জেলা পিডিবি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রউফ জানিয়েছেন, বিলে আপত্তি বা ত্রুটি হলে গ্রাহকরা অনেক সময় ভাল আচরণ করেন না। তারা অফিসে গিয়ে উগ্রতা প্রদর্শন করেন, কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেন। এসব নানা অভিযোগের কারণেই বিলিং সেকশনটি ময়মনসিংহে চলে গেছে। তবে মূল নিয়ন্ত্রক সংস্থা ঢাকার পিডিবির বাণিজ্যিক শাখা। বিলিং সেকশন ময়মনসিংহে চলে যাওয়ায় গ্রাহকদের ভোগান্তি হবে স্বীকার করে নির্বাহী প্রকৌশলী জানান, এ ব্যাপারে জেলা কার্যালয়ের কিছুই করার ছিল না।
এদিকে কিশোরগঞ্জ পৌরসভার খরমপট্টি এলাকার গ্রাহক মোজাম্মেল হক বাচ্চু জানিয়েছেন, তাঁর বাসায় মিটার আছে চারটি। ফলে প্রতি মাসে বিলের কাগজ আসে চারটি। তিনি জানান, মিটার রিডাররা প্রায়ই বাসায় বাসায় গিয়ে মিটার না দেখে অফিসে বসেই বিল তৈরি করেন। এর ফলে অনেক সময় অস্বাভাবিক বিল আসে। মিটার রিডিংয়ের সাথে বিলে উল্লেখিত ব্যবহৃত ইউনিটের কোন সামঞ্জস্য থাকে না। তাঁর নিজেরও এমন হয়েছে। অফিসে গিয়ে সেটি নিষ্পত্তি করেছেন। এসব গাফিলতিও কর্তৃপক্ষের দেখা উচিত বলে তিনি মনে করেন। আর এসব কারণে অনেক গ্রাহক হয়ত অফিসে গিয়ে ক্ষোভ প্রকাশ করতে পারেন। কিন্তু কিছু গ্রাহকের দুর্ব্যবহারের অজুহাতে হাজার হাজার গ্রাহকের ভোগান্তি তৈরি করা কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন। পৌরসভা বয়লা এলাকার গ্রাহক মাসুদ রানা জুয়েলও একই রকম মন্তব্য করেছেন। তাঁরা বিলিং সেকশনটি আবার কিশোরগঞ্জে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
গ্রাহকদের অভিযোগ সম্পর্কে নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ বলেন, মিটার রিডারদের বিষয়ে আনা অভিযোগটি তিনি দেখবেন। আর বিলের বিষয়ে কোন গ্রাহকের আপত্তি থাকলে অন্তত তিন মাসের মধ্যে তাঁর নজরে আনলে সেটি সমাধান করে দেবেন বলে জানিয়েছেন।