# মিলাদ হোসেন অপু :-
ভৈরব বিএনপির একটি প্রোগ্রামে হাইব্রিড ডাকাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আজ ১৮ জানুয়ারি শনিবার সকাল ১১টায় ও বেলা সাড়ে ১২ টায় ও বিকাল ৪টায় স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিউজ লেখা পর্যন্ত এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় আহতরা হলো, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪০), একই এলাকার জসিম মিয়া (৪০), শহরের ভৈরবপুর এলাকার শফিকুল মিয়ার ছেলে রাতুল মিয়া (২৭)। এদের মধ্যে শফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। বাকি দুইজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাতপাতালে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোজিনা পারভীন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগীকে দেখতে আসেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি। এসময় চণ্ডিবের এলাকার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ প্রিয় নেতার সাথে সাক্ষাতের জন্য গেলে একই এলাকার দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় এক গ্রুপ আরেক গ্রুপকে হাইব্রিড বলে সম্বোধন করেন। রোগী দেখে শরীফুল আলম চলে গেলে সকাল ১১টায় চণ্ডিবের ৯নং ওয়ার্ড যুবদল সভাপতি আক্তার মিয়া গ্রুপ ও একই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতির ছেলে শফিকুল ইসলাম গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভৈরব বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। পরক্ষণে নেতৃবৃন্দ চলে গেলে বেলা সাড়ে ১২টায় আবারো দুই গ্রুপ দা, বল্লম, ইট, পাটকেল, লাঠিসোটাসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও দুই গ্রুপ বিকাল ৪টায় সংঘর্ষে জড়ায়। এসময় রাস্তার পাশে থাকা ২০টির মতো দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করে।
স্থানীয়রা আরো জানান, সংঘর্ষে নিরপরাধ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে ও উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হয়েছে।
এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গোষাই বলেন, দীর্ঘদিন যাবত চণ্ডিবের হাসপাতাল পাড়া এলাকায় দুই গ্রুপের দ্বন্দ্ব রয়েছে। সেখানে কর্মীর চেয়ে নেতা বেশি। রেশারেশির রাজনীতির কারণে আমিও তাদের সাথে মিশতে চাই না। অযথা আমাকে একটি পক্ষ বানিয়ে দিবে।
এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান বলেন, গ্রুপিং সব এলাকাতে কম বেশি থাকে। তাদের সাথে স্থানীয় কিছু আওয়ামী লীগের দুষ্কৃতিকারী ইন্দন দিয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এর ভাবমূর্তি নষ্ট করতে সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী রয়েছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।