# নিজস্ব প্রতিবেদক :-
‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বিবার্ষিক দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার সকালে জেলা সিপিবি কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশনা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুস সালাম রিপন। এরপর গণসঙ্গীত, আবৃত্তি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন সন্ধ্যায় শহরের একরামপুর এলাকায় ডা. আব্দুল হাই মিলনায়তনে আলোচনা সভাশেষে জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে সাবজেক্ট কমিটি উদীচীর জেলা কমিটি ঘোষণা করে। কমিটিতে সভাপতি হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক হয়েছেন কবি বাবুল রেজা।
জেলা কমিটির বিদায়ী সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান, রুমি দে, নাজমুল আজাদ, জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, জেলা উদীচীর সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম নূরুন্নবী বাদল, জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি হারুন-আল রশিদ, জেলা উদীচীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিকাশ মজুমদারের মেয়ে ডা. অরুন্ধতী মজুমদার, বর্তমান সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ প্রমুখ।
বক্তাগণ বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে উদীচী সক্রিয় অংশগ্রহণ করেছিল। সেই আন্দোলন ভুল ছিল না। ১৫ বছর কথা বলার অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না। তবে যে বৈষম্য বিরোধী সমাজের আকাক্সক্ষা নিয়ে ছাত্র-জনতা আন্দোলনে অংশ নিয়েছিল, সেই আকাক্সক্ষা পূরণের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে। বর্তমানে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে বলেও বক্তাগণ মন্তব্য করেন। অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা উদীচীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট বিকাশ মজুমদার ও সাবেক সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক দীলিপ রায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।