# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এখন চলছে বোরো আবাদের ধুম। গত কয়েক দিন ধরে শীত বেড়েছে। এর মধ্যেও কর্মবীর কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদাজলে নেমে বোরো ধান ফলানোর সংগ্রামে লিপ্ত রয়েছেন। বিশেষ করে বিস্তীর্ণ হাওরে প্রচণ্ড শীতের সাথে হানা দিচ্ছে কনকনে ঠাণ্ডা হাওয়া। এই ঠাণ্ডা হাওয়া আর শীত উপেক্ষা করেই কৃষকরা মাঠে কাজ করছেন। নিকলী উপজেলার বড় হাওরে গিয়ে দেখা গেছে, কৃষকরা কেউ তাঁদের জমিটি হালচাষ করে চারা রোপনের উপযোগী করে তুলছেন, কেউ জমিতে চারা রোপন করছেন, কেউ জমিতে সেচ দিচ্ছেন।
কৃষকরা প্রথমে অন্তত ৬ ইঞ্চি পানি জমানো পতিত জমিতে কলের লাঙ্গল দিয়ে ভাল করে চাষ দিচ্ছেন। এরপর সেই জমির কাদার ঢেলা মই টেনে ভেঙে সমান করছেন। এক সময় কৃষকরা গরু দিয়ে হালচাষ করতেন। গরু দিয়েই মই টানতেন। গরুর হালচাষে সময় বেশি লাগতো। এখন যান্ত্রিক যুগ। কলের লাঙ্গলে কৃষকরা ৬ ঘন্টার কাজ এক ঘন্টায় করে ফেলছেন। যে কারণে এখন দুধ আর মাংসের গরু ছাড়া হালচাষের গরু কৃষকদের গোয়ালে তেমন দেখাই যায় না। আর সেই কারণেই অনেক কৃষকের মই টানার গরুটিও নেই। ফলে নিজেরাই মই টানছেন। মঙ্গলবার সন্ধ্যার আগে বড় হাওরে দেখা গেছে, গরুর পরিবর্তে পার্শ্ববর্তী নানশ্রী এলাকার কৃষক জজ মিয়া আর দীন ইসলাম দড়ি বেঁধে কাদা মাটিতে মই টানছেন। জমিটি প্রস্তুত করছেন। এরপর সেই জমিতেই রোপন করবেন এক মাস বয়সি চারা। তাঁরা জানান, আগের দিন জমিতে কলের লাঙ্গল দিয়ে চাষ দিয়েছেন। মাটির ঢেলা নরম হবার কারণে পরদিন মই টেনে সমান করছেন। এর পরদিন জমিতে ধানের চারা রোপন করবেন। ঠাণ্ডায় কাতর হলে ধান ফলানো যাবে না। কাজেই শীত উপেক্ষা করেই তাঁদের মত সকল কৃষকদের মাঠে নেমে কাজ করতে হয় বলে জানালেন।
গহিন হাওরে মূলত বোরো ধানই প্রধান ফসল। বিস্তীর্ণ হাওরে প্রায় ৬ মাস পানি থাকে বলে বোরো ধানই কৃষকদের আয়ের প্রধান উৎস। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলার ১৩ উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৬৮ হাজার ১০০ হেক্টর জমি। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৯১২ মেট্রিকটন চাল। তবে জেলার ৫৬ ভাগ এলাকাই হাওর। জেলার ১১৬টি হাওরেই রয়েছে ৫১ ভাগ এক ফসলি বোরো জমি। আর দেশের ২০ ভাগ চাল উৎপন্ন হয় কেবল কিশোরগঞ্জের হাওরাঞ্চলে। যে কারণে কৃষি বিভাগেরও বিশেষ নজরদারি থাকে হাওরের কৃষির ওপর।