# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর রোববার রাতে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাজিতপুর উপজেলা শাখার ১০ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৫ জন করে প্রতিনিধি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উন্নয়নে কাউকেই ছাড় দেয়া হবেনা। সে যে দল বা মতের লোকই হউক না কেন, অন্যায় করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।