# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে রেলওয়ে ট্র্যাজেডির ১ বছর পূর্ণ হয়েছে আজ ২৩ অক্টোবর। আজকের এই দিনের কথা এখনো ভুলতে পারেনি স্বজনহারা পরিবারের সদস্যরা ও ওই দিন গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করা বহু পরিবার। এই উপলক্ষে দুর্ঘটনা কবলিত এলাকায় নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ভৈরব রেলওয়ে জংশন সংলগ্ন এলাকাবাসী ও ভৈরব রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতির আয়োজনে দুর্ঘটনা কবলিত স্থানে মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, স্টেশন মাস্টার মো. ইউসুফ, রেলওয়ে বুকিং সহকারী মো. সোহাগ মিয়া, ভৈরব রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতির নেতা নূর মোহাম্মদ, স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী ইসহাক মিয়া ও বিএনপির নেতা ফারুক মিয়া প্রমুখ।
জানা যায়, ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেন ছাড়ার পর ২টা ২৭ মিনিটে আউটার পয়েন্টে ট্রেনকে ধাক্কা দেয় চট্টগ্রামগামী মালবাহী কনটেইনার ট্রেন। এসময় ২৩ জন নারী, পুরুষ ও শিশু নিহত হন। আহত হয় প্রায় শতাধিক। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালান স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে এ ঘটনায় মালবাহী ট্রেনের চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ইসহাক মিয়া বলেন, আমি রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ ট্রেন দুটির সংঘর্ষের বিকট শব্দ হয়। দৌঁড়ে এসে একজনের খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করি। পরে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন উদ্ধার কর্মীরা যোগ দেয়। এই হৃদয়বিদারক ঘটনা আজও চোখে ভেসে ওঠে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা ফারুক মিয়া বলেন, ভৈরবে এমন ট্রেন ট্র্যাজেডি আর কখনো আমরা দেখিনি। নিজের চোখকে এখনো বিশ্বাস করাতে পারি না। আহতদের আর্তনাদ ও নিহতের স্বজনদের আহাজারি।
রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, গত বছর এই দিনে ট্রেন দুর্ঘটনায় মোট ১৯ জন মৃত্যুবরণ করেন। এদের মধ্যে ১ জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। রেলওয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪ মাস আগে প্রয়োজনীর কাগজপত্র যাচাই করে ১০ জন নিহতের পরিবারকে ১ লক্ষ করে টাকা দেয়া হয়েছে। বাকিদের কাগজ পত্র যাচাই বাছাই করে টাকা দেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এ ঘটনায় ৪টি তদন্ত কমিটি গঠন করা হলেও অদ্যবধি পর্যন্ত কোন তদন্ত কমিটির তদন্তই আলোর মুখ দেখেনি।