# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোচালক হুমায়ুন কবিরকে (২০) খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলো করিমগঞ্জ পৌরসভার কলাতলি এলাকার মৃত মাহফুজ মিয়ার ছেলে হৃদয় (১৯), বাজিতপুরের মথুরাপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে ঝুটন পাঠান (৪০) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরাদপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম (৩২)। আশরাফুল বর্তমানে গাজীপুরের গাছা এলাকায় থাকেন। তাদেরকে ২১ অক্টোবর সোমবার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করার পর হৃদয় আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে। ছিনতাই করা অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
করিমগঞ্জ থানার ওসি মো. শাহাব উদ্দিন জানিয়েছেন, গত ২ অক্টোবর যাত্রীবেশে হত্যাকারীরা হুমায়ুনের অটোরিকশা ভাড়া করে এদিন রাতে করিমগঞ্জের জঙ্গলবাড়ি মহিলা কলেজের পাশের একটি বাগানে গলায় কলা পাতার ডগা পেঁচিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে লাশ উদ্ধারের পর হুমায়ুনের বাবা করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের পূর্ব করনশি গ্রামের উছমান করিমগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার তিনজনকে করিমগঞ্জ, বাজিতপুর ও গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। হৃদয় ও আশরাফুল পেশায় অটোচালক। ঝুটন অটোরিকশার মেকানিক হলেও এখন চা বিক্রেতা। হৃদয় আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর তিনজনকেই সোমবার সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে। অন্য জড়িতদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি শাহাব উদ্দিন।