# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পেয়েছেন সরকারি ৭ কর্মকর্তার। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৪২ ক (৩) অনুযায়ী পৌরসভার প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য উপজেলার ৬টি দপ্তরের কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব প্রদান করেন উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম।
বাজিতপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ হচ্ছেন, ১নং ওয়ার্ডের দায়িত্বে দেয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন, তার কার্যালয়- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৮নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, কার্যালয়- বাজিতপুর থানা। ৭ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বনি আমিন, তার কার্যালয়- উপজেলা পরিষদের প্রকৌশলী অফিস। ৩নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়াকে। তার কার্যালয়- উপজেলা পরিষদের সমাজসেবা অফিস। ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানকে। তার কার্যালয়- উপজেলা পরিষদের যুব উন্নয়ন অফিস এবং ২ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেন। তার কার্যালয়- উপজেলা পরিষদের শিক্ষা অফিস।
কাউন্সিলরের দায়িত্ব প্রাপ্ত এসব সরকারি কর্মকর্তাগণ ওয়ার্ডের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকিসহ কাউন্সিলরের দায়িত্বপালন করবেন।
জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করার পর তাদেরকে পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব দেওয়া হয়।