# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরে বৈষম্য বিরোধী মিছিলে হামলা ও হত্যার মামলায় জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দুর্জয় চন্দ্র রায়কে র্যাব গ্রেপ্তার করেছে। ১৬ অক্টোবর বুধবার বিকালে দুর্জয়ের নিজ এলাকা শহরের নগুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া।
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান বাদী হয়ে গত ৩০ আগস্ট সদর থানায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৮৮ জনের নামে মামলাটি করেছিলেন। এ মামলায় দুর্জয় ৪৫ নম্বর আসামি বলে জানিয়েছেন পরিদর্শক শ্যামল মিয়া। ওই দিনের হামলায় বাদী মতিউর রহমানসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছিলেন। এছাড়া মিছিলকারীরা এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর খরমপট্টি এলাকার বাসায় আশ্রয় নিলে সেখানে দুর্জয়সহ অন্যরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। আগুনে জুলকার হোসাইন ও অঞ্জনা বেগম নামে দুজনের মৃত্যু হয়েছিল। তবে জুলকার সৈনিক লীগের নেতা এবং অঞ্জনা ওই বাসার গৃহকর্মী ছিলেন বলে জানা গেছে।