#মো. নাঈমুজ্জামান নাঈম :-
দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বাংলাদেশের সকল পৌরসভা সমূহের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে এবং পৌরসভা সমূহে প্রশাসকের কার্য সম্পাদনে সহায়তার জন্য উপজেলার ৬ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। কর্মকর্তাগণ স্থানীয় সরকার (সংশোধিত পৌরসভা) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৪২ক(৩) অনুযায়ী কাউন্সিলরের দায়িত্ব পালন এবং ক্ষমতা প্রয়োগ করবেন।
কুলিয়ারচর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বর্তমান পৌর কমিটি ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনাপূর্বক পৌরসভার ৯টি ওয়ার্ডের দায়িত্ব বন্টন করেছেন।
কুলিয়ারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ হচ্ছেন, ৩নং ওয়ার্ডের দায়িত্বে দেয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, তার কার্যালয়- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৪নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে থানা অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন, কার্যালয়- কুলিয়ারচর থানা। ৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া। তার কার্যালয়- উপজেলা পরিষদ কমপ্লেক্সে। ৭ ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী। তার কার্যালয়- উপজেলা পরিষদ কমপ্লেক্সে। ২নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। তার কার্যালয়- উপজেলা পরিষদ কমপ্লেক্সে এবং ১ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা। তার কার্যালয়- উপজেলা পরিষদ কমপ্লেক্স।
কাউন্সিলরের দায়িত্ব প্রাপ্ত এসব সরকারি কর্মকর্তাগণ ওয়ার্ডের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকিসহ কাউন্সিলরের দায়িত্বপালন করবেন।
কুলিয়ারচর পৌরসভা থেকে যেকোন সনদপত্র পেতে উপরোল্লিখিত সংশ্লিষ্ট কর্মকর্তার সুপারিশ গ্রহণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের যেকোন সেবা সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।