# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরে কোটা আন্দোলন করতে গিয়ে শরীরে রামদায়ের একাধিক কোপ খাওয়া সুমাইয়া আক্তার ইকরা উচ্চ মাধ্যমিক পাস করেছেন। তিনি শহরের সরকারি মহিলা কলেজের বাণিজ্য বিভাগ থেকে ছয়টি পরীক্ষা দিয়েই আন্দোলনে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন। ১৫ অক্টোবর মঙ্গলবার প্রকাশিত ফলাফলে তিনি ২ দশমিক ৭৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন। আগের পরীক্ষাগুলোর ফলগুলোও ভাল ছিল না বলে তিনি জানিয়েছেন।
পিতৃ-মাতৃহীন ইকরা থাকেন শহরের আালোর মেলা এলাকায় ফুফুর সাথে। গত ১৮ জুলাই দুপুরে তিনি অন্যান্য ছাত্রীদের নিয়ে গিয়েছিলেন কোটা আন্দোলনের মিছিলে। দুপুর ১২টার দিকে মিছিলটি শহরের ঈশাখাঁ সড়কে গেলে সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা রামদা দিয়ে তার বাম হাতে তিনটি, বাম উরুতে একটি, আর পিঠে একটি রামদায়ের কোপ দেয়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সন্ত্রাসীরা চলে গেলে তাকে মিছিলকারীদের কয়েকজন নিয়ে যান ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। এখনও বাম হাত সোজা করতে পারেন না। হালকা জিনিসও তুলতে পারেন না।
ইকরাদের আদি বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। বাড়িঘর নদী ভাঙনে বিলীন। তার বাবা আব্দুল হান্নান কিশোরগঞ্জ পোস্ট অফিসে চাকরির সুবাদে এখানেই স্থায়ী হয়েছিলেন। বাবা মারা গেছেন ২০১৬ সালে। মা তাসলিমা আক্তারও মারা গেছেন ২০১৮ সালে। ইকরার একমাত্র ভাই আমির হামজা (২৩) বাসাতেই থাকেন। কিছুই করছেন না। এখন ইকরা অনার্সে ভর্তির চেষ্টা করবেন বলে জানিয়েছেন।