# মিলাদ হোসেন অপু :-
সৌদি আরবে সহকর্মীদের বাঁচাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিশোরগঞ্জের ভৈরবে রায়হান মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে পৌর শহরের জগন্নাথপুর এলাকার মো. মতিউর রহমানের ছেলে। গত ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে সৌদি আরবের দাম্মাম শহরে এই ঘটনাটি ঘটে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা-বাবা। পরিবারে চলছে শোকের মাতম।
আজ ২ অক্টোবর বুধবার সকালে সৌদি প্রবাসী নিহত যুবক রায়হানের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে শোকে মাতম পরিবারের সদস্যরা। রায়হানের উপার্জনেই চলতো তাদের পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকা নির্বাহের জন্য আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান ভৈরবের যুবক রায়হান মিয়া। গত বছর ছোট বোনকে বিয়ে দিয়ে ৪ মাস ছুটি কাটিয়ে ফিরে যান তিনি। গত ৩০ সেপ্টেম্বর সকালে সৌদি আরবে দাম্মাম শহরের তার কর্মস্থান রিসোর্ট ও রেস্টুরেন্টের ভবনে আগুনের কথা শুনে দৌঁড়ে যান সহকর্মীদের উদ্ধার করতে। এসময় সিলিন্ডার বিস্ফোরণে রায়হান মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত যুবকের বাবা মতিউর রহমান বলেন, আমার ছেলে তার ডিউটি শেষ করে বাসায় ফিরে যখন বিশ্রামের জন্য। ঠিক তখনই তার এক বন্ধু তাকে ফোন করে ভবনের সিলিন্ডার গ্যাস লিকেজের ঘটনার কথা জানা। সেখানে যাওয়ার পর সহকর্মীদের উদ্ধার করে তারা দুজনই সিলিন্ডারে গ্যাস লিকেজ বন্ধ করতে চেষ্টা করছিলো। এই সময়েই বিস্ফোরণের আমার ছেলে গুরুতর আহত হয়ে প্রাণ হারায়। ঘটনার পর দিন আমরা জানতে পারি আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছেন।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, সৌদি আরবে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ভৈরবের যুবকের মৃত্যুর ঘটনাটি শুনেছি। পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।