# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের সব কয়জন চেয়ারম্যান একাধিক মামলায় পড়ে আত্মগোপনে রয়েছেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। আর এর পর থেকে দলটির নেতাকর্মী থেকে শুরু করে আত্মগোপনে রয়েছেন সুবিধাভোগী ইউপি চেয়ারম্যানরা মেম্বারা। এরই মাঝে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এমন তিনজন চেয়ারম্যান জামিনে এলেও পরিষদে আসার সাহস পান না। ফলে প্রায় দুই মাস ধরে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত সেবাপ্রার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এই উপজেলার ১১ চেয়ারম্যানেই সাবেক এমপি আফজাল হোসেনের বদৌলতে নির্বাচিত হয়েছিলেন। এর মাঝে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হওয়া হালিমপুর ইউনিয়নে উমর ফারুক রাসেল স্থানীয় সাংসদের শ্যালক আর বলিয়ার্দী ইউনিয়নে মো. আবুল কাশেম স্থানীয় সাংসদের ভাগনে আর মাইজচর ইউনিয়নে তাবারক মিয়া গত ইউপি নির্বাচনে মেম্বার ছিলেন।
বাকি ৮ জনও নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা সবাই সাবেক এমপির ‘পকেটের’ প্রার্থী ছিলেন । তারা হলেন ১নং হুমাইপুর ইউনিয়ন পরিষদে রফিকুল ইসলাম ধনু, ২নং দিলালপুর ইউনিয়ন পরিষদে গোলাম কিবরিয়া নোভেল, ৪নং সরারচর ইউনিয়ন পরিষদে হাবিবুর রহমান স্বপন, ৬নং হিলচিয়া ইউনিয়ন পরিষদে মাযহারুল হক নাহিদ, ৭নং দিঘীরপাড় ইউনিয়ন পরিষদে আব্দুল কাইয়ুম, ৮নং পিরিজপুর ইউনিয়ন পরিষদে জাফর ইকবাল জুয়েল, ১০নং গাজিরচর ইউনিয়ন পরিষদে মো. জুয়েল মিয়া ও ১১নং কৈলাগ ইউনিয়ন পরিষদে কায়সার এ হাবিব।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দেখা মিলছে না চেয়ারম্যানদের। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা। ইউনিয়ন পরিষদগুলোতে জন্মসনদ, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ কোনো প্রকার সেবা পাচ্ছে না। ইউনিয়ন গুলোতে সচিব স্বল্প পরিসরে দায়িত্ব পালন করছেন।
গত ২৯ সেপ্টেম্বর গাজিরচর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় বেশ কয়জন সেবাপ্রার্থী জন্মসনদ, ওয়ারিশান সনদ ও পরিচয়পত্র নিতে এসছেন। চেয়ারম্যান না থাকায় সরকারি কর্মকর্তা নিয়োগ দিলেও তিনি কাজ না করায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে এসব সেবাগ্রহিতাদের।
কথা হয় গাজিরচর ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিনের সাথে, তিনি জানান আমাকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজগুলো কারার জন্য একটি চিঠি দিলেও পাসওয়ার্ড না দেওয়ায় সঠিক সেবা দিতে পারছিনা।
তিনটি ইউনিয়নের সরকারি কর্মকর্তা বাকি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দিলে নানামুখি চাপে কেও কোন দায়িত্ব পালন করতে পারছেনা। আত্মগোপনে থাকা চেয়ারম্যানরা প্যানেল চেয়ারম্যানদের ভয়ভীতি দেখাচ্ছে। অন্যদিকে বিএনপির নেতারা অনেক প্যানেল চেয়ারম্যানকে মেনে নিতে চাইছে না। ফলে ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থী হাজারও মানুষ।
বাজিতপুরের উপজেলা নির্বাহী অফিসার ফারশিদ বিন এনাম বলেছেন, তিনটি ইউনিয়নের চেয়ারম্যান ৫ আগস্টের পর থেকেই পলাতক। এসব ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজগুলো সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়ে চালানো হচ্ছে। বাকি আটটি ইউনিয়নে আপাতত প্যানেল চেয়ারম্যান হিসেবে একেকজন ওয়ার্ড মেম্বার দায়িত্ব পালন করছেন। যেহেতু ইউপি চেয়ারম্যানরা অফিস করছেন না, ফলে পরিষদের কার্যক্রম চলমান রাখার স্বার্থে উপজেলা নির্বাহী অফিসারকে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিদর্শনে যেতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন।