# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের একটি পাইলট প্রকল্পের সোলার প্যানেল বিকল হয়ে পাম্প হাউজ বন্ধ ছিল প্রায় ৯ বছর। সদর উপজেলার যশোদল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ২০১২ সালে সৌর প্যানেল বসানো, পাম্প হাউজসহ একলাখ লিটার ধারণ ক্ষমতার ওভারহেড টেংক নির্মাণ এবং গ্রাহকদের বাড়ি বাড়ি পাইপলাইন বসানোসহ পুরো প্রকল্পটির নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় ৯০ লাখ টাকা। কিন্তু বছর তিনেক পানি সরবরাহের পর রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল দীর্ঘ প্রায় ৯ বছর। ইতোমধ্যে সৌর প্যানেল বিকল হয়ে গেছে। ফলে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সম্প্রতি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বিদ্যুতে রূপান্তর করে নতুন পাইপলাইন বসিয়ে আবার চালু করেছে। ২ সেপ্টেম্বর সোমবার এলাকায় গিয়ে এলাকাবাসীকে প্রকল্পটির সুবিধা ভোগ করতে দেখা গেছে।
এলাকার বাসিন্দা সরকারি চাকুরিজীবী পারভেজ হাসান বলেছেন, এই ট্যাংকের পানির মান খুবই ভাল। এই প্রকল্পের ফলে শত শত পরিবারের সুপেয় পানির চাহিদা পূরণ হচ্ছে। মাঝে কয়েক বছর বন্ধ থাকায় মানুষের ভোগান্তি হয়েছে। এদিকে যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন জানিয়েছেন, প্রয়াত এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ইচ্ছায় তাঁর নিজ গ্রামে এই প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। এর আওতায় ৩২০ জন গ্রাহক রয়েছেন। এটি চালু হওয়ার সময় প্রত্যেক গ্রাহকের কাছ থেকে এককালীন দুই হাজার টাকা করে নিয়ে তাদের বাড়িতে পানির সংযোগ লাইন দেওয়া হয়েছিল। তখন মাসে মাসে কোন বিল নেওয়া হতো না। সেসময় টাকার অভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারায় সৌর বিদ্যুৎ প্রকল্পটি বিকল হয়ে যায়। দীর্ঘদিনের ব্যবধানে সৌর প্যানেল এখন আর কাজ করছে না। পানির লাইনও অকেজো হয়ে গেছে। যে কারণে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ প্রকল্পটি বিদ্যুতে রূপান্তর করে নতুন পাইপ লাইন বসিয়ে তিন মাস ধরে আবার চালু করেছে। এখন প্রত্যেক গ্রহকের ওপর মাসে ১০০ টাকা করে বিল ধার্য করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানিয়েছেন, গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে প্রয়াত স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আমলে ২০১২ সালে পাইলট প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ এবং গোপালগঞ্জে এ ধরনের দুটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। তখন কিশোরগঞ্জের পুরো প্রকল্পটির নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় ৯০ লাখ টাকা। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পটি চালুর তিন বছর পরই বিকল হয়ে যায়। দীর্ঘদিন পড়ে থেকে সৌর প্যানেল এবং পানি সরবরাহ লাইন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। যে কারণে সৈয়দ আশরাফুল ইসলামের ছোটবোন সাবেক এমপি ডা. জাকিয়া নূর লিপির প্রচেষ্টায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে প্রকল্পটিকে নতুন করে চালুর উদ্যোগে নেওয়া হয়। এটিকে বিদ্যুতের আওতায় আনা এবং ১৪ ইঞ্চি ব্যাসের নতুন পাইপ বসিয়ে, প্রত্যেক গ্রাহকের বাড়িতে নতুন পাইপ লাইন বসিয়ে কাজটি শেষ করতে প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়েছে। কাজটি তদারকি করেছেন উপসহকারী প্রকৌশলী মনিরা খানম। পালাক্রমে দুটি পাম্প চালাতে গিয়ে এখন মাসে বিদ্যুৎ বিল আসছে ৩০ হাজার টাকা। দৈনিক দুবার পানি সরবরাহ করা হচ্ছে। ৮০০ মিটার গভীর থেকে উন্নত মানের পানি উত্তোলন করা হচ্ছে। এখন আরও নতুন গ্রাহক তৈরি করা যাবে বলেও জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।