# মিলাদ হোসেন অপু :-
মাদক কে না বলি এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে মাদকের আখড়া খ্যাত পৌর শহরের পঞ্চবটি এলাকায় মাদক বিরোধী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর রোববার রাতে কমলপুর পঞ্চবটি হাজী জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
পৌর ৩নং ওয়ার্ড যুব সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত জনসভায় ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম।
আলোচনা সভায় মোহাম্মদ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাধান টিভি চেয়ারম্যান আব্দুল লতিফ, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী সেন্টু মিয়া, সাধারণ সম্পাদক সুলাইমান হুসাইন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সমাজ সেবক হাজী আব্দুর রহমান, জনসেবা সমবায় সমিতির চেয়ারম্যান ফারুক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কাউসার মিয়া, সমাজ সেবক রাসেদুজ্জামান রাসেদ, ইকবাল হোসেন, রাসেল মিয়া ও ইমরান হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা কোথাও পরিচয় দিতে পারি না আমরা পঞ্চবটি এলাকার বাসিন্দা। কারণ এই এলাকা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠেছিল। আমরা বেশ কয়েকদিন যাবত যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে অভিযান চালাচ্ছি৷
এই এলাকায় প্রায় শতাধিক নারী পুরুষ মাদক সেবী ও মাদক কারবারি রয়েছে। ইতি মধ্যে অনেক মাদক কারবারিকে উচ্ছেদ করা হয়েছে। অনেক মাদক সেবী ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। এসময় বক্তারা পঞ্চবটি এলাকাকে মাদক মুক্ত করতে শান্তি শৃঙ্খলা রক্ষায় একটি পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
প্রধান অতিথি আরিফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ভৈরববাসী ঐক্যবদ্ধ। আপনাদের সন্তানকে লেখা পড়ায় আগ্রহী করে গড়ে তুলুন। বিভিন্ন দেশ আজ শিক্ষার কারণে এগিয়ে যাচ্ছে। এই ওয়ার্ডের ছেলে মেয়েরা লেখা পড়ায় মনোযোগী হলে আগামী কয়েক বছরে পঞ্চবটি এলাকা একটি সুন্দর ও পরিচ্ছন্ন এলাকাতে পরিণত হবে। আপনারা আমার পাশে থাকলে পঞ্চবটি এলাকাকে মাদকমুক্ত করবো এটা আমার ওয়াদা। কেউ যদি প্রভাব বিস্তার করে যদি সে আইনের লোকও হয় তাকে প্রতিহত করতে হবে৷