# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবদল নেতা আশরাফুল আলম শামীমকে সেনা সদস্যরা আটক করেছেন। ১৭ আগস্ট শনিবার রাতে শামীমের নিজ এলাকা শহরের হারুয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি জানিয়েছেন, শামীম জেলা যুবদলের সদস্য হলেও তেমন সক্রিয় ছিলেন না।
এদিকে সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, শামীমকে শনিবার রাতেই থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ১০ আগস্ট রাতে শহরের ঈশাখাঁ সড়কের ‘টপ টেন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ রয়েছে। তবে টপ টেনের মালিক পক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করে মামলা করবেন বলে জানিয়েছেন ওসি গোলাম মোস্তফা। শামীম এর আগে পৌরসভার সামনে হারুয়া এলাকার মামুন নামে এক প্রবাসীকে গুলি করে হত্যার অভিযোগে কয়েক বছর কারাভোগ করেছেন বলে জানিয়েছেন মামুনের স্বজনরা।