# আরিফুল ইসলাম মামুন :-
ভৈরবে নির্মাণাধীন বিল্ডিংয়ের লিফটের গর্তের জমানো পানিতে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ২৯ জুলাই সোমবার সন্ধ্যায় ভৈরব পৌর শহরের কমলপুর গোধূলী সিটি এলাকায় আক্কেল আলী বিল্ডিংয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু রুহান মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার বৈলট গ্রামের রাজীব মিয়ার ছেলে। নিহত শিশুর পরিবার গোধূলী সিটি এলাকায় ভবনটির পাশে কামাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। নিহত শিশুর বাবা ওই এলাকায় একটি পাদুকা ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করে।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে কোন এক সময় খেলতে খেলতে নির্মাণাধীন ভবনের ভিতর চলে যায় শিশুটি। অনেক খোঁজাখোঁজি করেও না পেয়ে এক পর্যায়ে সন্দেহ হলে আক্কেল আলীর বিল্ডিংয়ের লিফটের গর্তের জমানো পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে মৃত অবস্থায় পায় তার পরিবার। বিষয়টি বিল্ডিং মালিক আক্কেল আলী ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরির্দশক মাজহারুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ভবন মালিক আক্কেল আলী বিল্ডিং নির্মানের শুরুতেই গাফিলতি করেছেন। ভবন মালিকের অসচেতনতার জন্যই আড়াই বছরের শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন অভিযোগের ভিত্তিতেই মরদেহ থানায় এনে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।