# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে চিকিৎসকের ৭ দিনের শিশুপুত্রকে নিজ হাতে ৯ তলা থেকে ফেলে হত্যার ঘটনা আদালতে স্বীকার করেছেন মা তৃষা আক্তার। কিশোরগঞ্জের আদালত পরিদর্শক সামছুল আলম সিদ্দিকী জানিয়েছেন, তৃষাকে ১৯ জুন বুধবার বিকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের খাস কামরায় নিয়ে গেলে তিনি ১৬৪ ধারায় তৃষার স্বীকারোক্তিমূলক জবানবন্দী লিপিবদ্ধ করেছেন। এরপর তৃষাকে কারাগারে পাঠানো হয়েছে।
তৃষা ডা. মো. ওসমান গণির দ্বিতীয় স্ত্রী। ওসমান-তৃষার একটি ছেলে সন্তান থাকতে স্বামীর দ্বিতীয় সন্তানে অনিহা ছিল। প্রথম ছেলের নাম বোরাক। বয়স দেড় বছর। কিন্তু তৃষা দ্বিতীয় সন্তান ধারণ করায় প্রায়ই তার সাথে স্বামী কলহ করতেন। সেই কারণেই তৃষা এ ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
শিশু হত্যার ঘটনাটি ঘটেছে ১৮ জুন মঙ্গলবার ভোরে ভৈরবের কমলপুর নিউটাউন এলাকায়। এ ঘটনায় তৃষার স্বামী ডা. মো. ওসমান গণি বাদী হয়ে তৃষাকে একমাত্র আসামি করে ভৈরব থানায় হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। নিহত শিশুটির নাম রাখা হয়েছিল তাসনিদ ওসমান।
ভৈরব সরকারি হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ডা. মো. ওসমান গণির প্রথম স্ত্রীও চিকিৎসক। তিনি ছেলে-মেয়ে নিয়ে ঢাকায় থাকেন। তাঁর সাথেও ডা. মো. ওসমান গণি সংসার করছেন। ডা. মো. ওসমান গণির বাড়ি ভৈরব পৌর এলাকার ভৈরবপুর উত্তরপাড়ায়। ডা. মো. ওসমান গণি ঢাকা মেডিক্যাল কলেজের থোরাসিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এনায়েত উল্লার মেয়ে তৃষা ভৈরবের একটি প্রাইভেট ক্লিনিকের নার্স ছিলেন। ডা. মো. ওসমান গণি প্রতি শুক্রবার ভৈরবে চিকিৎসা করতে আসতেন। তৃষার সাথে পরিচয় হলে তাকে প্রায় সাড়ে তিন বছর আগে বিয়ে করেন ডা. মো. ওসমান গণি। বিয়ের পরই তৃষা নার্সের চাকরি ছেড়ে দিয়েছেন। ভৈরবে এই দম্পতির সেন্ট্রাল হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিক রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানিয়েছেন, এই দম্পতি কমলপুর নিউটাউন এলাকার ফুল মিয়ার সিটির ৯ তলায় থাকেন। তাদের প্রথমে একটি ছেলে সন্তান হওয়ায় দ্বিতীয় কোন সন্তান নিতে রাজি ছিলেন না ডা. মো. ওসমান গণি। কিন্তু তৃষা দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। এ নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ হতো বলে পুলিশের জিজ্ঞাসাবাদে তৃষা জানিয়েছেন। সেই কারণেই তিনি মঙ্গলবার ভোর রাতে ৯ তলা থেকে ৭ দিনের শিশুটিকে ফেলে হত্যা করেছেন।
রাতে তৃষা শিশুটিকে নিয়ে তার বান্ধবী সুমাইয়াসহ ঘুমিয়ে ছিলেন। বাসায় তাদের গৃহকর্মী শিলা এবং মিমও ছিল। তৃষার স্বামী ছিলেন অন্য কক্ষে। রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে উঠে সন্তান নেই বলে তৃষা চিৎকার করতে থাকলে সবাই খোঁজাখুজি করতে থাকেন। কোথাও শিশুকে না পেয়ে ভৈরব থানায় অবহিত করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ঝোপ থেকে পুলিশ শিশুটিকে মৃত উদ্ধার করেছে। শিশুর মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের মর্গে শিশুটির ময়না তদন্ত হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. সফিকুল ইসলাম।
পুলিশ ডা. মো. ওসমান গণি, স্ত্রী তৃষা, তৃষার বান্ধবী সুমাইয়া, গৃহকর্মী শিলা ও মিমকে মঙ্গলবার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তৃষা নিজেই শিশুটিকে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। ফলে স্বামী ডা. মো. ওসমান গণি বাদী হয়ে তৃষাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন। তৃষাকে গ্রেপ্তার দেখিয়ে বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।