# নিজস্ব প্রতিবেদক :-
শত শত নিম্নবিত্ত মহিলার জমানো প্রায় ৩০ লাখ টাকা মেরে সৌদী আরবে পালিয়ে গেছে এক আর্থিক প্রতিষ্ঠানের প্রতারক মালিক। এখন মহিলারা দলে দলে ঘিরে ধরছেন প্রতিষ্ঠানটির সাবেক মালিককে। সাবেক মালিক সৈয়দ আলী আহসান ঈদের পরে সবার টাকাই ক্রমান্বয়ে ফেরত দেবেন বলে আশ্বাস দিচ্ছেন। কিন্তু মহিলারা সময় দিতে রাজি নন। তাঁরা এখনই টাকা ফেরত চান। ২ জুন রোববার শহরতলির শোলাকিয়া এলাকায় গিয়ে এমন চিত্রই দেখা গেছে। প্রায় অর্ধশত মহিলা টাকার জন্য হৈহল্লা করছেন। কেউ কেউ কোলে করে দুগ্ধপোষ্য শিশু নিয়ে গরমের মধ্যে ভীড় করেছেন।
শোলাকিয়া এলাকার সৈয়দ আলী আহসান জানিয়েছেন, ‘স্বদেশ বাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি.’ নামে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ২০০৮ সাল থেকে। সমবায় কার্যালয় থেকে এর নিবন্ধন নেওয়া হয়েছে। নিবন্ধন নম্বর ৩৫৪/১১। তবে শোলাকিয়া এলাকায় আর্থিক কার্যক্রম শুরু করেন ২০১৫ সাল থেকে। বছর দুয়েক আগে তিনি হজ্বে যাবার সময় পার্শ্ববর্তী করিমগঞ্জের গাংগাইল এলাকার ছফির উদ্দিনের ছেলে খায়রুল ইসলামের কাছে দলিলের মাধ্যমে সকল দায়দেনাসহ এর মালিকানা হস্তান্তর করে যান। এসময় প্রতিষ্ঠানটির জমা টাকা ছিল ৩১ লাখ, আর গ্রাহকদের কাছে ঋণ পাওনা ছিল ৩৩ লাখ টাকা। গ্রাহক ছিলেন প্রায় দেড় হাজার। গ্রাহকরা মাসিক এবং সাপ্তাহিক কিস্তিতে ৫০ টাকা থেকে ২০০ টাকা করে জমা করেন। একটি লাল রঙের পাসবইয়ের মাধ্যমে টাকাগুলো জমা নেওয়া হয়। কিন্তু খায়রুল ইসলাম গত রজমানের একদিন আগে গোপনে সৌদী আরব পাড়ি জমান। গ্রাহকরা টাকার জন্য সাবেক মালিক আলী আহসানকে চাপ দিলে তিনি অনেক চেষ্টা করে ৫ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করেছেন বলে জানিয়েছেন। আগে অফিস ছিল। এখন অফিস নেই। গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য অফিসের আসবাবপত্রও বিক্রি করে দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। এখন একটি স্টেশনারি দোকানে বসে হিসাব নিকাশ করছেন। তার মাধ্যমে যেহেতু প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল, সেই কারণে এক ধরনের দায়বদ্ধতা থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দায়িত্বটি নিজের কাঁধে তুলে নিয়েছেন বলে আলী আহসান জানিয়েছেন। ঋণের টাকাগুলো উদ্ধার করা গেলে গ্রাহকদের সকল টাকাই ফেরত দেওয়া সম্ভব হবে বলে তিনি মনে করেন।
আলী আহসান জানিয়েছেন, সদর এবং করিমগঞ্জ উপজেলার গরিব মহিলারাই এই প্রতিষ্ঠানের গ্রাহক। ৫ বছর মেয়াদী সঞ্চয়ে শতকরা ৮ ভাগ মুনাফা, আর ৮ বছর মেয়াদী সঞ্চয়ে ১৫ ভাগ মুনাফা। বৌলাই কাঁঠালিয়া গ্রামের সুরুজ আলীর স্ত্রী জোসনা ৯ হাজার টাকা জমা করেছিলেন। বৌলাই এলাকার আজিজুল হকের স্ত্রী তিন হাজার ৫৫০ টাকা জমা করেছিলেন। অনুফা নামে একজন জমা করেছিলেন চার হাজার ৭০০ টাকা। হামিদা আক্তার নামে ৭৫ বছরের এক বৃদ্ধা গ্রাহককেও টাকার জন্য ভীড় করতে দেখা গেছে।