# নিজস্ব প্রতিবেদক :-
এক ব্যক্তির ইজারা নেওয়া জায়গা কিনে দখল নিয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের এমপি পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। এখানে ইজারা নেওয়া ব্যক্তি ব্যবসায়ী মো. মোজাম্মেল হকের স্থাপনা ভেঙে এমপি সোহরাব উদ্দিন নিজস্ব স্থাপনা নির্মাণ করেছেন বলে সংবাদ সম্মেলন করে মোজাম্মেল জানিয়েছেন। তবে মোজাম্মেল হক এমপিকে দায়ি করার বিষয়টি এড়িয়ে গিয়ে মূলত দায়ি করছেন জায়গার মালিক আদালতের অবসরপ্রাপ্ত পেশকার মো. আবুল কালামকে।
২ জুন রোববার শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মোজাম্মেল হক সংবাদ সম্মেলন করে তাঁকে হুমকি, ১৫ লাখ টাকার ক্ষতিসাধনসহ ইজারার শর্ত অমান্য করার কথা তুলে ধরেছেন। তবে আবুল কালাম বলেছেন, তিনি মোজাম্মেলকে জানিয়েই ২৭ লাখ টাকায় এমপির কাছে জায়গা বিক্রি করেছেন।
মোজাম্মেল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেছেন, তাঁর একই গ্রামের বাসিন্দা পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বাগপাড়া গ্রামের আবুল কালামের কাছ থেকে ৬০০ টাকার স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে পাটুয়াভাঙ্গা দরগা বাজারে ৪৪ শতাংশ বাণিজ্যিক ও ২০ শতাংশ ফিশারি ৮ লাখ ২০ হাজার টাকায় ইজারা নিয়েছিলেন। চুক্তির মেয়াদ লেখা রয়েছে ২০১৯ সালের ১ মার্চ থেকে ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত। আর ইজারার পুরো টাকাও মোজাম্মেল চুক্তির সময়ই পরিশোধ করে দিয়েছেন। মোজাম্মেল ইজারার ৪৪ শতাংশ জায়গার ওপর স্থাপনা নির্মাণ করে ‘মেসার্স সাইফ অটো শোরুম এন্ড সাজিদ ব্যাটারী হাউজ’ এবং ‘মেসার্স সাইফ অটো ওয়ার্কশপ’ নামে ব্যবসা করে আসছিলেন।
কিন্তু জায়গার মালিক আবুল কালাম ইজারা গ্রহিতা মোজাম্মেলকে না জানিয়ে ৪৪ শতাংশ জায়গা থেকে এ বছর ৩ মার্চ ৭৯২/২৪ নম্বর দলিলমূলে এমপি সোহরাবের কাছে ৩ দশমিক ৩০ শতাংশ জায়গা বিক্রি করে দিয়েছেন। আর ১৬ এপ্রিল আবুল কালাম লোকজন নিয়ে মোজাম্মেলের ব্যবসা প্রতিষ্ঠানের অংশবিশেষ ভাঙচুর করে নতুন স্থাপনা তৈরি করেছেন। এতে মোজাম্মেলের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। মোজাম্মেল ইজারার জমি বিক্রির বিষয়ে আবুল কালামকে প্রশ্ন করলে তিনি মোজাম্মেলকে প্রাণনাশের হুমকি দেন এবং প্রয়োজনে আরও জায়গা বিক্রি করে দেবেন বলে জানান। ইজারার বিষয়টি এমপি সোহরাবকে জানালে তিনি মোজাম্মেলকে বলেন, এখানে যে মোজাম্মেলের স্থাপনা ছিল, সেটা তিনি জানতেন না।
এমতাবস্থায় মোজাম্মেল হক আইনজীবীর মাধ্যমে গত ৩০ এপ্রিল আবুল কালামকে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশের জবাব না দেওয়ায় মোজাম্মেল গত ২০ মে ৩নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। তবে মামলায় এখনও কোন আদেশ হয়নি বলে মোজাম্মেল জানিয়েছেন। এদিকে মামলার খবর পেয়ে মোজাম্মেলকে আবুল কালাম প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে লিখিত বক্তব্যে বলেছেন। আর ২৩ মে আবুল কালাম আইনজীবীর মাধ্যমে মোজাম্মেলেেক ভাড়াটিয়া উচ্ছেদ সংক্রান্ত লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
জায়গার মালিক আবুল কালামকে এ বিষয়ে প্রশ্ন করলে জানান, তিনি জায়গা বিক্রির আগে মোজাম্মেলকে টাকা ফেরত দিয়ে জায়গা বিক্রির কথা জানিয়েছিলেন। কিন্তু মোজাম্মেল রাজি হননি। এছাড়া মোজাম্মেলন ইজারা নেওয়া জায়গা থেকে কিছু জায়গা ১০ লাখ টাকায় অন্যত্র ইজারা দিয়েছেন, যেটা চুক্তিপত্রের লংঘন। মোজাম্মেল জানিয়েছেন, তিনি কাউকে ইজারা দেননি। তবে তাঁর ইজারার চুক্তিতে লেখা রয়েছে, তিনি চাইলে কাউকে জায়গা ভাড়া দিতে পারবেন।
এ ব্যাপারে কথা বলার জন্য এমপি সোহরাব উদ্দিনকে একাধিকবার ফোন করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল হকের ভাই কিরণ মিয়া, প্রতিবেশি খোকন মিয়া ও কর্মচারী শহর আলী।