# রাজীবুল হাসান :-
ভৈরব এলএসডি খাদ্য গুদামে সরকারি নির্দেশনা অনুযায়ী ধান সংগ্রহের কথা থাকলেও এক কেজি ধানও সংগ্রহ হয়নি। তবে স্থানীয় কৃষকদের অভিযোগ গুদামে ধান দিতে অনলাইনে আবেদন করেও তারা সরকারি দামে ধান দিতে পারেনি।
ভৈরবের ৬টি সরকারি খাদ্যগুদামে এবার ৭৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এর বিপরীতে চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত এক কেজি ধানও সংগ্রহ হয়নি। তাছাড়া চাল কেনার লক্ষ্যমাত্রার চেয়ে অর্ধেক পরিমাণ চাল সংগ্রহ হয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই বছর ভৈরব খাদ্য গুদামে আমন মৌসুমে ৮৫৯ মেট্রিক টন চাল এবং ৭৯ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪৫০ মেট্রিক টন চাল সংগ্রহ হলেও মৌমুম শেষের দিকে ১ কেজি ধানও কিনেননি ভৈরব খাদ্যগুদাম কর্তৃপক্ষ।
জানা যায়, গত বছরের ১৭ নভেম্বর ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। সরকারি গুদামে ধান ও চাল সংগ্রহ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ২৮ টাকা এবং চাল ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
উপজেলার সাদেকপুর গ্রামের কৃষক রাফি উদ্দিন বলেন, এই বছর গুদামে ধান দেয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলাম। কিন্তু পরবর্তীতে ধান দেওয়ার জন্য কোন ডাক পায়নি। যদিও সরকারি দামের চেয়ে বাজারে ধানের দাম কিছুটা বেশি তবুও আমি সরকারি গুদামে ধান দিতে আগ্রহী ছিলাম।
আগানগর ইউনিয়নের আরেক কৃষক মোশারফ হোসেন বলেন, আগে তো কৃষি কার্ড দিয়ে সরকারি গুদামে ধান দিতে পারতাম। কিন্তু এখন তো অনলাইনে আবেদন করেও সরকারি দামে ধান দিতে পারেনি। অনলাইনে আবেদন করে ধান দেয়ার জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু পরবর্তী কোন কৃষকের কাছ থেকে সরকারি দামে ধান সংগ্রহ করেনি। তারা ধানের পরিবর্তনে চাল সংগ্রহ করেছে।
ভৈরবের তামজিদ অটো রাইস মিল মালিক তারেক আহমেদ বলেন, বাজারের ধানের দামের সাথে সরকারের নির্ধারিত ধানের দামের পার্থক্য থাকায় কৃষকরা সরকারি গুদামে নির্ধারিত দামে ধান নিতে আগ্রহী নয়। যার ফলে এই বছর ভৈরবে কোন ধান সংগ্রহ হয়নি।
ভৈরব উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সোহেল রানা বলেন, আমাদের ধানের মূল্য থেকে বাজারে ধানের মূল্য বাড়তি ছিলো। তাই কৃষকরা ঘাটতি দিয়ে সরকারি দামে ধান দেয়নি। যার ফলে সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী এক কেজি ধানও সংগ্রহ করা যায়নি। তবে লক্ষ্যমাত্রার অর্ধেক পরিমাণ চাল সংগ্রহ করা হয়েছে। তাছাড়া কৃষকদের অভিযোগের জবাবে তিনি বলেন, সরকারি গুদামে ধান সংগ্রহের জন্য অনলাইনে যেসব কৃষকরা আবেদন করেছিলেন। আমরা সেইসব আবেদনকারী কৃষকদের লটারি করে ২৫ জন কৃষককে ধান দিতে বললে তারা গুদামে ধান দেয়নি বলে তিনি জানান।
এ বিষয়ে ভৈরব খাদ্য সরবরাহ কেন্দ্র (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন ভূঁইয়া বলেন, সরকার আমন মৌসুমের শুরু দিকেই সরকারি গুদামে ধান সংগ্রহের জন্য ধান ও চালের দাম নির্ধারণ করে দেয়। সেই অনুযায়ী এই উপজেলায় ৫শত কৃষক সরকারি গুদামে নির্ধারিত দামে ধান দিতে অনলাইনে আবেদন করেছেন। পরবর্তীতে আবেদনকৃত কৃষকদের লটারির মাধ্যমে বাছাই করে ধান দিতে বলা হলে কৃষকরা ধান দেয়নি বলে তার দাবি।
তিনি আরো বলেন, বর্তমান বাজার দরের চেয়ে সরকারি দামের সাথে বাজার দামের পার্থক্য থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ধান সরকারি খাদ্যগুদামে দিচ্ছেন না।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান মোল্লার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।