# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে সপ্তাহব্যাপী একুশে বইমেলা। প্রথম দিন আলোচনা সভা আর মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সূচনা করা হয় মেলার। ২১ ফেব্রুয়ারি বুধবার মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
এরপর জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি গুরুদয়াল কলেজের ইতহাস বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মো. করিম উল্লাহ। এরপর আলোচনা করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এমএ আফজল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু ও সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জেলা শিল্পকলার শিশু শিল্পীরা সমবেত কন্ঠে পরিবেশন করে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি। এরপর একতা নাট্য গোষ্ঠী পরিবেশ করে নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাচাল’।