# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে একটি ফিলিং স্টেশনে গ্যাস ভরতে গিয়ে প্রাইভেট কারে আগুন ধরে যায়। তবে উপস্থিত লোকজন গাড়িটিকে ঠেলতে ঠেলতে দূরে সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে ফিলিং স্টেশনটি বেঁচে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি।
তিনি জানান, শহরতলির গাইটাল বড়পুল এলাকায় চৌধুরী ফিলিং স্টেশনে আজ সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৭৮৬০) গ্যাস ভরতে যায়। এসময় হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। তবে উপস্থিত লোকজন প্রাথমিক পর্যায়েই গাড়িকে ঠেলে পাশের রাস্তায় নিয়ে যায়। ফায়ার সার্ভিসে খবর দিলে ৩৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনাস্থলে গাড়ির মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। গাড়ির মালিক শহরের হারুয়া এলাকার সুমন মিয়া। কিভাবে আগুন লাগলো, সে ব্যাপারে ফিলিং স্টেশনের কেউ কিছু বলতে পারেননি বলেও আবুজর গিফারি জানিয়েছেন। তবে তদন্তে জানা যাবে। এ ঘটনায় গাড়িটির ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।