# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা আঞ্চলিক মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের। অথচ এই রাস্তা দিয়ে চলাচলকারী ইজিবাইকসহ বিভিন্ন হালকা যানবাহন থেকে চাঁদা তোলার ইজারা দিয়েছে কটিয়াদী পৌরসভা। মাসে আদায় হচ্ছে প্রায় ৯ লাখ টাকা। কটিয়াদী বাসস্ট্যান্ডে গিয়ে এরকমই এক তুঘলকি কাণ্ড দেখা গেছে।
পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা দাপিয়ে বেড়াচ্ছে ইজারাদার মাঈন উদ্দিনের লাঠি বাহিনীর কিছু সদস্য। পৌর কর্তৃপক্ষ ২০২৪ সালের জন্য সিএনজি, বিভাটেক, অটো ও টমটমের কাছ থেকে চাঁদা আদয়ের অনুমোদন দিয়েছে। একথা চাঁদার রসিদেই উল্লেখ রয়েছে। চাঁদার হার লেখা রয়েছে ১০ টাকা। চাঁদা বহিনীর সদস্যরা এক হাতে লাঠি, আরেক হাতে রসিদ নিয়ে হালকা যানবাহন দেখলেই পথ আগলে দাঁড়ায়। এসব যানবাহন আসলেই লাঠি দিয়ে থামতে ইশারা করে। নির্দেশ অমান্য করলে লাঠি দিয়ে গাড়িতে সজোরে আঘাত। এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত চলে চাঁদাবাজি।
বাজিতপুরের সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল মান্নান ও কটিয়াদী এলাকার অটোচালক রফিকুল ইসলাম চাঁদার রসিদ দেখিয়ে বলেন, দিনে অন্তত একবার চাঁদাটি দিতেই হবে। কিশোরগঞ্জ-কটিয়াদী, কিশোরগঞ্জ-বাজিতপুর এবং কিশোরগঞ্জ-ভৈরব রুটে দৈনিক অন্তত তিন হাজার ইজিবাইক চলাচল করে বলে তারা জানিয়েছেন। সেই হিসাবে দৈনিক ৩০ হাজার, আর মাসে অন্তত ৯ লাখ টাকার চাঁদা আদায় হয়।
এ ব্যাপারে জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানিয়েছেন, পৌরসভার কোন রাস্তার জন্য যানবাহনের কাছ থেকে ‘রোড ডেমেজ ফি’ আদায়ের নজির কোথাও কোথাও আছে। কিন্তু এই আঞ্চলিক মহাসড়কটি তাঁর বিভাগের আওতাধীন। এটির কোন ধরনের মেরামত, সংস্কার বা সম্প্রসারণ করতে হলে তারাই করেন। এটি ইজারা দেওয়ার কোন এখতিয়ার পেরসভার নেই।
কটিয়াদী পৌর মেয়র শওকত ওসমানের (শুক্কুর আলী) সঙ্গে এ ব্যাপারে কথা বলা জন্য একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে ইজারাদার মাঈন উদ্দিনকে একাধিকবার ফোন করলেও তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।
তবে কটিয়াদী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও তামারা তাজরিহাকে এভাবে চাঁদা আদায় সম্পর্কে কিছু জানেন কি না, প্রশ্ন করলে বলেন, ‘আমরা কিছুদিন আগে অভিযান চালিয়ে চাঁদা আদায় বন্ধ করে দিয়েছিলাম। আবার খোঁজ নিয়ে দেখবো।’