# আফসার হোসেন তূর্জা :-
ভৈরব পৌর শহরের চক বাজারে শিশু খাদ্যের দোকানে অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়। আজ ২৭ জানুয়ারি শনিবার দুপুরে চক বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পুলিশ তাদের সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় দেখা যায়, শিশু খাদ্যের দোকানগুলোতে থরে থরে সাজানো শিশুদের নানা ধরণের লোভনীয় খাবার। চকলেট, লিচু, চানাচুর, আচার, বিভিন্ন ধরণের বিস্কুটসহ হরেক রকমের শিশু খাদ্য সাজিয়ে রাখেন দোকানীরা। এর মধ্যে অধিকাংশ খাদ্যদ্রব্যের বিএসটিআই এর অনুমোদন নেই এমনকি সরকার কর্তৃক নিষিদ্ধ শিশু খাদ্য দ্রব্য রয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তা যাচাই বাছাই করে বিভিন্ন ধরনের অনুমোদনহীন ভেজাল শিশু খাদ্য জব্দ করেন। এছাড়া অনুমতি ছাড়া এসব শিশু খাদ্য বিক্রির দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, ভোক্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবিষ্যতে এসব ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রি করা থেকে বিরত রাখার জন্য নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।