# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির সাবেক এমপি, বর্তমানে বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতরুজ্জামান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পক্ষে একটি পত্রিকায় এবং ফেসবুকে কথা বলেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ছাড়া এককভাবে লড়ার কারও ক্ষমতা নেই। বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগ দলের সবাইকে প্রার্থী হবার সুযোগ দেবে। তারা যোগ্যতা যাচাইয়ের চ্যালেঞ্জ নিয়েছে। এতে অন্যান্য প্রতিকেরও দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে। আমি লড়তে চাই। বিএনপি নির্বাচনে না যাওয়ার কারণে নির্বাচন করতে উচ্ছুক বিএনপির প্রার্থীদের হতাশ না হয়ে প্রার্থী হওয়ার আহবান জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, জামায়াত-বিএনপির ভারপ্রাপ্ত নেতারা মাথা কব্জা করে নিয়েছে। সেখান থেকে তারেক রহমনাকে মুক্ত করা আপাতত সম্ভব হচ্ছে না। বিকল্প নেতৃত্ব খুঁজতে হবে। দল, খালেদা জিয়া আর জিয়ার রাজনীতি বাঁচাতে এবং ভারতের সর্বগ্রাসী বলয় থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দের প্রতি।
তিনি বলেছেন, সব বিরোধী দল মিলেও নির্বাচন ঠেকাতে পারবে না। দেশের শান্তি ও শৃংখলা বিঘ্নিত হবে, সমৃদ্ধি ও উন্নয়ন ব্যাহত হবে। মার্কিনের প্রতি ভারতের বার্তা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারত অন্য কাউকে হস্তক্ষেপ করতে দেবে না। বিএনপি নির্বাচনে না গেলে বিএনপিকে বাইরে রেখে একতরফা নির্বাচন করে নেবে। নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচনের দিন থেকেই চরম আন্দোলন করা যেত। নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হলে দেশ ও জাতির সাথে বেঈমানি হবে। জনগণ একদিন আমাদেরকে কুলাঙ্গার বলে গালি দিবে। কেউ যেন তৃণমূল বিএনপিতে না যান, সেই আহবানও জানিয়েছেন তিনি। তিনি যার যার এলাকায় স্বতন্ত্র প্রার্থী হবার কৌশলও বাতলে দিয়েছেন।
মেজর আখতার নির্বাচনী ইশতেহারের ১১টি পয়েন্ট উল্লেখ করেছেন। এর ১০ নম্বর পয়েন্টে বঙ্গবন্ধুকে জাতির পিতার পূর্ণ স্বীকৃতি ও মূল্যায়ন এবং স্বাধীনতার ঘোষক হিসাবে শহিদ জিয়ার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা বলেছেন। ১১ নম্বর পয়েন্টে লিখেছেন, দেশের শান্তি, শৃঙ্খলা, সম্বৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে মুজিব কন্যা শখ হাসিনাকে ক্ষমতায় অব্যাহত রাখার নিশ্চয়তার কথা বলেছেন।
তবে খালেদা জিয়ার মুক্তি, সকল মামলা প্রত্যাহার এবং তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিও ইশতেহারে প্রস্তাব করেছেন। শেষদিকে লিখেছেন, ‘আসুন বিএনপিকে বাঁচাই-দেশকে বাঁচাই। দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করি। যার যার আসন থেকে লড়াই করার জন্য নির্বাচন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। অপরাজনীতিকে ঝেটিয়ে বিদায় করেন। জয় আপনাদের হবেই হবে, ইনসাল্লাহ।’
জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বর্তমানে কারাগারে আছেন। ফলে এ ব্যাপারে মন্তব্য নেয়ার জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে ফোন করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়াসহ দলের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ভাষায় মেজর আক্তারকে সমালোচনা ও গালাগাল করছেন।
এদিকে মেজর আখতারুজ্জামানকে এ প্রতিবেদক প্রশ্ন করেছিলেন, তৃণমূলের পক্ষ থেকে তার সঙ্গে কোন যোগাযোগ করা হয়েছে কি না। জবাবে তিনি বলেন, প্রশ্নই আসে না। তাদের এই সাহস আছে নাকি! আমি যেখানে আছি সেখানে থেকেই লড়াই করছি।