# নিজস্ব প্রতিবেদক :-
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘কারার ওই লৌহ কপাট’ গানের সুর বিকৃত করেছেন ভারতের সঙ্গীত পরিচালক এআর রহমান। এর প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আমরা একাত্তর এবং উদীচী শিল্পী গোষ্ঠী শনিবার বিকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে।
এসময় বিকৃত সুরের গান এবং আদি সুরের গান দুটি শোনানো হয়। মানববন্ধনে অংশ নেন আমরা একাত্তরের জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অশোক সরকার, যুগ্ম-আহবায়ক এনামুল হক চৌধুরী আলমাস ও মোস্তফা কামাল, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, কলেজ শিক্ষক কায়সার আহমেদ লিংকন, কলেজ শিক্ষক শাহজাহান সাজু প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ‘কারার ওই লৌহ কপাট’ গানটি যেমন ভাতরবাসীকে বৃটিশ বিরোধী আন্দোলনে সাহস জুগিয়েছে, উদ্দীপনা জুগিয়েছে, তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধেও গোটা জাতিকে উদ্দীপনা জুগিয়েছে, সাহস জুগিয়েছে। এই গানের সুরের বিকৃতি ঘটিয়ে ভারত ও বাংলাদেশের জনগণের চেতনা ও আবেগে আঘাত করা হয়েছে। সুর বিকৃতির জন্য নেতৃবৃন্দ এআর রহমানের প্রতি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার জন্য আহবান জানিয়েছেন।