# নিজস্ব প্রতিবেদক :-
নির্বাচন কমিশনের আজ ১৬ নভেম্বর বুধবারের নির্বাচনী তপশিলের প্রতিবাদে ডাকা হরতাল কিশোরগঞ্জে সফল হয়নি। ভোরবেলা থেকেই শহরসহ গুরুত্বপূর্ণ সকল এলাকায় আইন শৃংখলা বহিনীর কঠোর নজরদারি ছিল। ফলে হরতাল আহবানকারীরা পিকেটিংও করতে পারেনি। সকাল থেকেই সকল দোকানপাট খুলে যায়। কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে বাস চলাচল করলেও অন্যান্য রুটে বন্ধ রয়েছে। তবে ট্রেনসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে। কিশোরগঞ্জের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জ-ঢাকা ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচলে কোনরকম বিঘ্ন ঘটেনি। জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক জানিয়েছেন, কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে বাস চলাচল চালু থাকলেও অন্যান্য রুটে বন্ধ রয়েছে। জেলা শহরে অন্যান্য দিনের মতই যানজট দেখা গেছে।
এদিকে জেলা বিএনপির সহসভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জালাল উদ্দিন জানিয়েছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার কোথাও দলের কোন নেতাকর্মী গ্রেপ্তার হননি।