# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এক আড়ত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় তার শার্ট পেঁচানো ছিল। তিনি সদর উপজেলার যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে রাজন মিয়া (২৭)। স্বজনদের ধারণা, রাজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
রাজন শহরের বড়বাজারে কাঁচামাল আড়তে শ্রমিকের কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা। আজ ৬ অক্টোবর সোমবার সকালে পার্শ্ববর্তী কাটাখাল গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির পাশে লোকজন রাজনকে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। এরপর সদর থানার পুলিশ গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ বলছে, রাজনের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এলাকায় গিয়ে দেখা গেছে, রাজনের মা কল্পনা বেগম, স্ত্রী সুরাইয়া বেগমসহ স্বজনরা আহাজারি করছেন। তিন ভাইয়ের মধ্যে রাজন মেঝো। ৫ অক্টোবর রোববার রাতে আড়তের কাজ শেষ করে তিনি একটি ওয়াজ মাহফিলে গিয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। সকালে তার লাশ পাওয়া গেল।
রাজনের ভগ্নিপতি মফিজুল ইসলাম জানিয়েছেন, তিন বছর আগে সদর উপজেলার চৌদ্দশত এলাকার আব্দুল বাতেনের মেয়ে সুরাইয়ার সাথে রাজনের বিয়ে হয়। নূসরাত নামে তাদের ৬ মাসের একটি মেয়ে রয়েছে।
রাজনের ফুফু খোদেজা বেগম জানিয়েছেন, রাজনের বাবা হাবিবুর রহমানও চার বছর আগে শহরতলির মনিপুরঘাট এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছিলেন। সেই মামলা এখনও চলছে।
এদিকে সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানিয়েছেন, রাজনের দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে ময়না তদন্তে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।