# নিজস্ব প্রতিবেদক :-
সিলেট থেকে আটক ভৈরবে ৫ নেতার রিমান্ড শুনানি হবে সোমবার। জানিয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. জালাল উদ্দিন।
জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের আটকের প্রতিবাদে ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভৈরব পৌর মেয়র হাজী মো. শাহীন ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে অন্য নেতৃবৃন্দ শনিবার ভিডিও বার্তায় ভৈরবে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিলেন। আর ভোরে সিলেট থেকে ভৈরব পুলিশের হাতে গ্রেপ্তার হলেন হাজী মো. শাহীন, মো. মুজিবুর রহমান, ভৈরব উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন সুজন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল মামুন ও পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জিল্লুর রহমান। এদের মধ্যে মুজিবুর রহমান সন্দিগ্ধ আসমী, আর অন্যরা ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলার এজাহার নামীয় আসামী বলে জানিয়েছেন আদলত পরিদর্শক মো. আবু বকর সিদ্দিক।
তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে ভৈরব থানার পুলিশ আজ সন্ধ্যার আগে কিশোরগঞ্জের আদালতে পাঠিয়েছিল। কিন্তু ততক্ষণে আদালতের কার্যক্রম সমাপ্ত হয়ে যাওয়ায় আগামীকাল সোমবার রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে। এই ৫ নেতাসহ অন্যান্য মামলার আসামীদের সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানো হয়েছে।