# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের একটি গলির বাসা থেকে পুলিশ একটি ৬ বোরের রিভলবারসহ ২২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। সেখানে এক ছাত্রদল নেতার মামলা প্রত্যাহারের দাবি সংবলিত একটি পোস্টারও পাওয়া গেছে। তবে কাউকে পুলিশ আটক করতে পারেনি।
মঙ্গলবার রাত পৌনে ১০টা থেকে রাত সোয়া ১২টা পর্যন্ত শহরের হারুয়া এলাকায় মানিক ফকিরের গলিতে বেলু মিয়ার বাসায় অভিযান চালানো হয়। সদর থানার ওসি মোহাম্মদ দাউদের নেতৃত্বে অন্য কর্মকর্তারা অভিযান চালিয়ে একটি ৬ বোরের রিভলবার, একটি তাজা গুলি, কয়েকটি লম্বা ছোরা, দুটি চাইনজ কুড়াল, লোহার পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন।
ওসি মোহাম্মদ দাউদ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালায়। বাসার গেটে নক করলে ভেতর থেকে সমস্ত আলো নিভিয়ে দেয়া হয়। কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা দেয়াল টপকে ভেতরে গেলেও এর আগেই সবাই পেছন দিক দিয়ে পালিয়ে যায়। তবে ভেতরে কতজন ছিল, তা নিশ্চিত করে বলতে পারছেন না ওসি। তিনি জানান, এখানে বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীরা আসতো। ভেতরে বসে অস্ত্র তৈরি করা হতো। এরা বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে ওসির ধারণা। এসব অস্ত্রের সঙ্গে সরকারি গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক তাকবির উদ্দীন রকিবের ছবি সংবলিত একটি পোস্টার পাওয়া গেছে। তাতে রকিবের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
এলাকাবাসী জানায়, বাসার মালিক বেলু মিয়া পক্ষাঘাতগ্রস্ত। আর রকিবের বাসা একই গলির শেষ মাথায়। তবে এই বাসায় অস্ত্র তৈরি বা মজুদের বিষয়ে এলাকাবাসী কিছুই জানতো না বলে তারা জানিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ দাউদ। আর পালিয়ে যাওয়া সবাইকে আটকের জন্য পুলিশ অভিযান চালাবে বলেও তিনি জানিয়েছেন।