# নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জ-নিকলী হাওরে নির্মিত রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কটি নির্মাণের দুই বছরেই ভেঙে পড়ছে। ১০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের অন্তত ২০ জায়গায় ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও পাশের ব্লক সরে গিয়ে সড়কের মাঝ বরাবর চলে গেছে ভাঙনের আলামত। সারিবদ্ধ বালুর বস্তা ফেলে বা ভাঙা রাস্তার কার্পেটিংয়ের টুকরা ফেলে সতর্কীকরণ চিহ্ন দেয়া হয়েছে।
১৭ অক্টোবর মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, করিমগঞ্জের খয়রত এলাকা থেকে বড় হাওরের মাঝখান দিয়ে নিকলী পর্যন্ত উঁচু রাস্তাটি নির্মাণ করা হয়েছে। ভরা বর্ষায়ও এ রাস্তায় পানি ওঠে না। আগে বর্ষাকালে খয়রত থেকে নিকলী সদরে নৌকাযোগে যেতে দুই ঘণ্টা লাগতো। এখন লাগে মাত্র ১৫ মিনিট। প্রতিদিন শত শত হালকা ও ভারী যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করছে। রাস্তাটির করিমগঞ্জ প্রান্ত থেকে নিকলী প্রান্ত পর্যন্ত অন্তত ২০টি জায়গায় ভাঙন দেখা গেছে। রাস্তাটি নির্মাণ করার সময় নদী থেকে ড্রেজিং করে বালু এনে রাস্তায় ফেলা হয়েছে। যে কারণে যেখানে যেখানে ভাঙন দেখা গেছে, সবখানেই বৃষ্টির কারণে সহজেই বালু সরে গেছে। কোথাও কোথাও সড়কের ভেতরে সুরঙ্গের মত ঢুকে গেছে। ভারী যানবাহন গেলে সড়কটি ধ্বসে গিয়ে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়ক থেকে নিকলীর কারপাশা ইউনিয়ন পরিষদে একটি সংযোগ সড়ক নেয়া হয়েছে। সেটিতেও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
অটোচালক আব্দুল হাই জানিয়েছেন, রাস্তাটি হওয়ায় তার মত অনেকেরই ইজিবাইক চালিয়ে সংসার চালানোর একটা উপায় হয়েছে। কিন্তু তার চোখের সামনে এত সুন্দর রাস্তাটি ভেঙে যাচ্ছে। মেরামতের কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি জানান, দিনের বেলায় সাবধানে চলা যায়। কিন্তু রাতের বেলায় অটো চালাতে ভয় লাগে, কখন ভাঙনের মধ্যে পড়ে দুর্ঘটনার শিকার হন।
পার্শ্ববর্তী মরিচখালী বাজারের ওষুধ ব্যবসায়ী মুনিরুজ্জামান যোশেফ জানিয়েছেন, তিনি সোমবার সড়কটি দেখে এসেছেন। তাতে তার মনে হয়েছে, সরকার বিপুল অঙ্কের টাকা খরচ করে হাওরের বুকে এত গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণ করে দিয়েছে। অথচ নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তাটি ভেঙে পড়ছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন। অন্যথায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
এনজিও কর্মকর্তা ফরিদুল আলম জানিয়েছেন, তিনি নিয়মিত জেলা সদর থেকে এই রাস্তা হয়ে নিকলীর অফিসে যান। তিনিও বলেছেন, রাস্তাটি নির্মাণের পর এলাকার জীবনমান উন্নত হয়েছে। রাস্তার পাশে নতুন নতুন ঘরবাড়ি হয়েছে। এলাকাবাসী কৃষিপণ্য কম সময়ে পরিবহন করতে পারছে। তবে রাস্তাটি যেভাবে ভাঙছে, এখনই মেরামতের উদ্যোগ না নিলে পুরো যোগাযোগ ব্যবস্থাটিই ভেঙে পড়বে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন।
নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ভূঁইয়া জনি জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সঙ্গে কথা বলেছেন। তিনিও রাস্তাটি দ্রুত মেরামতের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন।
এদিকে জেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানিয়েছেন, ১০ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করেছে সড়ক ও সেতু বিভাগ। মিঠামইন থেকে করিমগঞ্জের মরিচখালী পর্যন্ত যে উড়াল সড়ক হবে, এর অংশ হিসেবেই এই সড়কটি নির্মাণ করা হয়েছে। কিছুদিন আগে সড়কের ভাঙা অংশগুলো মেরামত করা হয়েছে। তবে গত ৭ অক্টোবর একজন যুগ্ম-সচিবের নেতৃত্বে সেতু বিভাগের একটি বিশেষজ্ঞ দল সড়কটি পরিদর্শন করে গেছে বলে তিনি জানিয়েছেন। ইতোমধ্যে যদি আরও ভাঙনের সৃষ্টি হয়ে থাকে, তাহলে নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম গিয়ে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।