# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগি। হাসপাতালে শয্যা সংখ্যার তুলনায় রোগি বেশি হওয়ায় অন্যান্য রোগিদের শয্যা ছেড়ে দিতে হচ্ছে ডেঙ্গু রোগিদের জন্য। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে বৃহস্পতিবার ৪৯ জন ডেঙ্গু রোগি ভর্তি ছিলেন।
হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, এটি ৫০০ শয্যার হাসপাতাল। কিন্তু রোগি থাকে অনেক বেশি। বৃহস্পতিবারও বিভিন্ন ধরনের রোগি ভর্তি ছিলেন ৬৪১ জন। এর মধ্যে ডেঙ্গু রোগি ভর্তি ছিলেন ৪৯ জন। ৪৩ জন পুরুষ, আর মহিলা ৬ জন। এখানে ভাল মানের চিকিৎসা হচ্ছে। এ পর্যন্ত কোন মৃত্যুর ঘটনা নেই বলেও পরিচালক হেলাল উদ্দিন জানিয়েছেন।
বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে এসে ভর্তি হয়েছেন। তবে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা এলাকার বাসিন্দা, হোসিন্দী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ (২২) দুই বছরের মধ্যে ঢাকায় যাননি। সম্প্রতি তার বাড়িরও কেউ ঢাকায় যাননি। তিনি বাড়িতে জ্বরে আক্রান্ত হলে গত ২২ জুলাই রক্ত পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে বলে জানিয়েছেন। এরপরই তিনি এখানে ভর্তি হয়েছেন। তবে এখন অবস্থা উন্নতির দিকে।
এদিকে সিভিল সার্জন সাইফুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার ২৫০ শয্যার হাসপাতালে১৮ জন আর কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও তিনজন ডেঙ্গু রোগি ভর্তি ছিলেন।