# নিজস্ব প্রতিবেদক :-
কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের চমকপুর গ্রামে মাত্র ৬০০ টাকার জন্য নূর আলম (৩৭) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে মামলা করলে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। জেলা পুলিশের মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
মোহাম্মদ আলীর ছেলে নূর আলমের (৩৭) কাছে পাওনা ৬০০ টাকা নিয়ে বিবাদীদের অনেক দিনের বিরোধ ছিল। এর জেরে চমকপুরের রফিক মিয়া (৩০), পার্শ্ববর্তী ভুনা গ্রামের আকাশ মিয়া (২৬) ও হাদিস খাঁসহ কয়েকজন নূর আলমকে ২৪ জুলাই রাত ১১টায় বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ২৫ জুলাই দিবাগত মধ্যরাতে এলাকার একটি পাটক্ষেতে মোহাম্মদ আলী তার ছেলে নূর আলমের হাত-পা ওড়না দিয়ে বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় ৯ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এক ঘণ্টার মধ্যে কটিয়াদী থানা এলাকা থেকে রফিক মিয়া, আকাশ মিয়া ও হাদিস খাঁকে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. আনিসুল হকের নেতৃত্বে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকালে আসামিদের কিশোরগঞ্জের আদালতে নিয়ে গেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাঁর খাসকামরায় মূল হোতা রফিক মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করেছেন। এরপর তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।