# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরের হরিশচন্দ্রপট্টি এলাকায় আজ ২৬ জুলাই বুধবার বিকালে গরিব গ্রাহকদের বীমার টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ছিল। সেখানে বক্তৃতা করছিলেন বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক আলাল মিয়া। বুধবার বিকালে সন্ত্রাসীরা মারধর করে তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে তাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহত অবস্থায় উদ্ধার করেছে। সন্ত্রাসীদের হামলায় সোহরাব মিয়াসহ আরও তিনজন আহত হয়েছেন বলে আলাল মিয়া জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, হরিশচন্দ্রপট্টি এলাকার হবিকুল (৩৫) নামে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক প্রতিনিধি বহু দরিদ্র গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। গ্রাহকরা বিভিন্ন সময় এর প্রতিবাদে মানববন্ধ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন। আদালতে মামলাও করেছেন। হবিকুলের পক্ষ থেকে গ্রাহকদের ক্রমাগত হুমকি প্রদান করা হচ্ছিল। এর প্রতিবাদেই আজ বুধবার বিকালে হরিশচন্দ্রপট্টি এলাকায় ভুক্তভোগীরা মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বাসদ (মার্কসবাদী) নেতা আলাল মিয়াকে হবিকুল ও তার সহযোগীরা বেদম মারপিট করে তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে অবহিত করলে তিনি হোসেনপুর থানাকে তাৎক্ষণিক পুলিশ পাঠানোর নির্দেশ দেন। পুলিশ গিয়ে আলাল মিয়াকে উদ্ধার করেছে। তিনি এখন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ওসি আসাদুজ্জামান টিটু জানিয়েছেন, আলাল মিয়াকে তুলে নিয়ে যাওয়ার তথ্যটি ঠিক নয়। তবে তাদেরকে মারপিট করেছে। চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। এদিকে সিপিবি, ক্ষেতমজুর সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।