# নিজস্ব প্রতিবেদক :-
আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জে তারুণ্যের জয়যাত্রা মহাসমাবেশ করেছে। সেখান থেকে ঘোষণা করা হয়, শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত যুবলীগের একটি কর্মীও ঘরে ফিরে যাবে না।
আজ ২২ জুলাই শনিবার বিকালে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জেলা যুবলীগ আহবায়ক আমিনুল ইসলাম বকুলের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সুব্রত পাল। তিনি বলেন, বিগত দিনের মত আবারও বিএনপি-জামায়াত সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। যারাই আবারও আগুন সন্ত্রাস করবে, তাদেরকে দেশবাসী সমুচিত জবাব দেবে। আওয়ামী লীগের প্রধান শক্তি আওয়ামী যুবলীগ। এরা কখনও কারও ভয়ে ঘরে বসে থাকে না। বিগত দিনেও প্রমাণ হয়েছে, আগামীতেও প্রমাণ হবে। কারও হুমকিকে যুবলীগ তোয়াক্কা করে না। তিনি আগামীতে পরীক্ষিত কর্মীদের যুবলীগের নেতৃত্বে আনা হবে বলে ঘোষণা দেন। সামবেশে আরও বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মনিরুজ্জামান তরুণ, জেলা যুবলীগের যুগ্মআহবায়ক মীর আমিনুল ইসলাম সোহেল, রুহুল আমিন খান, নিকলী ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার তুলিপ, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, তাড়াইল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, হোসেনপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন জুয়েল প্রমুখ। শেষে শহরে একটি শোভাযাত্রা করা হয়।