# নিজস্ব প্রতিবেদক :-
বঙ্গবন্ধু হত্যা মামলারসহ বড় বড় মামলার তদন্ত কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ কিশোরগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী। তিনি শনিবার বিকালে নিজ ইউনিয়ন কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন। পূর্ব পুরুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাহার আকন্দ প্রধান অতিথি ছিলেন।
তিনি বক্তৃতায় বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারায় অনেকেই ঈর্ষান্বিত হয়ে এই অগ্রযাত্রায় বাধা দেয়ার চেষ্টা করছে। আগামীতে আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং দেশ আরও উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে যাবে। ফলে তিনি আসন্ন সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তাইজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ মাস্টার, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জামান সরকার, জেলা ছাত্রলীগের সহসভাপতি লুৎফর রহমান রানা, আমিনুল ইসলাম মেম্বার, আবুল হাসিম মেম্বার, হাবিব মেম্বার প্রমুখ। সভায় বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।