# নিজস্ব প্রতিবেদক :-
ভারতের এসইউসিআই (সোস্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া) দলের প্রতিষ্ঠাতা, বিশ্ব সাম্যবাদী আন্দোলনের বিশিষ্ট দার্শনিক কমরেড শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২১ জুলাই শুক্রবার বিকালে হোসেনপুরের গোবিন্দপুরে জেলা বাসদ (মার্কসবাদী) কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে ফুল দিয়ে লাল সালাম জানিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
আলোচনা সভায় উপস্থিতির একাংশ -পূর্বকণ্ঠ
এরপর দলের জেলা কমিটির সমন্বয়ক মো. আলাল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ রেজা, জেলা কমিটির সদস্য এবায়দুল ইসলাম প্রমুখ। মাসুদ রেজা বলেন, শোষণমুক্তির লড়াইয়ের বিশ্বনেতা মার্কস-লেনিনের পরবর্তী যুগে বিশ্ব পরিস্থিতি ব্যাখ্যা করে এই উপমহাদেশসহ বিশ্বের দেশে দেশে বিপ্লবী দল গঠন ও শোষণমুক্তির লড়াইয়ের সঠিক পথনির্দেশনা তুলে ধরেছিলেন কমরেড শিবদাস ঘোষ। তার দেখানো পথ ধরে ভারতবর্ষে দল গঠনের সঠিক ধারা ও চর্চা শুরু হয়। তার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ, ব্যাখ্যা ও চর্চা থেকে শিক্ষা নিয়েই এদেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল গড়ে উঠেছিল। আর সেই ধারা এদেশের প্রগতিশীল মহল ও শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া জাগাতে সক্ষম হয়। আজও সেই ধারা অব্যাহত আছে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কৃষক নেতা জমির উদ্দিন, কামাল উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা মজনু মিয়া, হাসনা আক্তার প্রমুখ।