# মিলাদ হোসেন অপু :-
সিলেটে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী এসএম রুবেল (৩০)। তিনি ফরিদপুর জেলার চর ভদ্রাসন বাদুল্ল্যা মাতুব্বরে ডাঙ্গী এলাকার শেখ খলিলুর রহমানের ছেলে। সাথে থাকা কামরুল ইসলাম (২৫) গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১৭ জুলাই সোমবার সিলেটগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী বাসের সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে। ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক সফর উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বন্ধুকে নিয়ে সিলেটে ভ্রমণ শেষে মোটরসাইকেল চড়ে নিজ বাড়ি ফরিদপুরে যাওয়ার পথে সিলেটগামী মিতালি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ঢাকামুখী একটি মোটরসাইকেলের মুখোমুখী সংর্ঘষে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এই ঘটনায় কামরুল ইসলাম নামের অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়া থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া বালুর টালের সামনে একটি দ্রুতগতির বাসের সামনের চাকা ব্লাস্ট হয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল আরেক আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে পরিবার আসলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।