# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরে ভাতিজা-ভাতিজি খুনের প্রধান আসামী চাচা আব্দুল কাদির (৪৪) তিনদিন পলাতক থাকার পর সোমবার আদালতে আত্মসর্পণ করে জামিন চেয়েছেন। হোসেনপুর আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিন্নাত আরা জামিন আবেদন নাকচ করে কাদিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আর ইতোপূর্বে গ্রেপ্তারকৃত কাদিরের স্ত্রী ফরিদা ইয়াসমিনের সোমবার জামিন হয়েছে বলে জানিয়েছন আদালত পরিদর্শক মো. আবু বকর সিদ্দিক। তবে কাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য সুবিধাজনক তারিখে আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু।
হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমারা পূর্বপাড়া গ্রামের বাড়ির সীমানা নিয়ে আব্দুল কাদিরের বিরোধ ছিল বড়ভাই মো. শামসুল ইসলামের সঙ্গে। সীমানায় গাছের চারা রোপনকে কেন্দ্র করে গত ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে কাদির ও তার পরিবার শামসুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান আলমগীর (৩০) ও মেয়ে নাদিরা আক্তারকে (২১) ছুরিকাঘাতে হত্যা করে। আর আহত হয়ে চিকিৎসাধীন আছেন শামসুল ইসলামের স্ত্রী শাহিদা আক্তার, দুই ছেলে হুমায়ুন কবীর ও সালমান।
এ ঘটনায় শামসুল ইসলাম বাদী হয়ে হোসেনপুর থানায় আব্দুল কাদিরকে প্রধান আসামী করে ৭ জনের নামে মামলা করেছেন। কাদির ছাড়াও এখন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন কাদিরের ছেলে ইমরান, আরমান ও অপ্রাপ্তবয়স্ক অপর ছেলে। পলাতক আছেন কাদিরের অপর ভাই মুসলিম ও মুসলিমের ছেলে মাসুম।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমরান ও আরমান রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিন্নাত আরার আদালতে হত্যাকা-ের দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু এসব তথ্য নিশ্চিত করেছেন।