# নিজস্ব প্রতিবেদক :-
জাতীয় বাজেটে উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষিতে বরাদ্দের দাবিতে একটি কৃষক সংগঠন আজ ৫ জুন সোমবার জেলা শহরে মিছিল ও মানববন্ধন করেছে। বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের ব্যানারে সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে উপরোক্ত দাবিতে মানবন্ধন করেছেন। এসময় সংগঠনের জেলা কমিটির আহবায়ক মো. জমির উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মো. আলাল মিয়া, শ্রমিক নেতা এবায়দুল ইসলাম, সোহরাব মিয়া, কৃষক নেতা কামাল উদ্দিন, ছাত্র ফ্রন্ট নেতা মজনু মিয়া, সোহেল রানা প্রমুখ।
বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের মিছিল -পূর্বকণ্ঠ
কৃষক নেতারা বলেছেন, কৃষি দেশের অর্থনীতির চালিকা শক্তি, দেশের মেরুদণ্ড, দেশের প্রাণ। কাজেই জাতীয় বাজেট সংশোধন করে কৃষিতে উন্নয়ন বাজেটের ৪০ ভাগ বরাদ্দ দিতে হবে। নেতারা বলেন, করোনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেও কৃষকরাই দেশকে বাঁচিয়ে রাখছেন। সরকারেরও দায়িত্ব কৃষিতে পর্যাপ্ত বরাদ্দ রেখে, কৃষককে পর্যাপ্ত প্রণোদনা দিয়ে বাঁচিয়ে রাখা। কারণ কৃষি ও কৃষক বিপর্যস্ত হলে দেশ বিপর্যয়ে পড়বে। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মিছিল ও মানববন্ধনে বহু নারীকেও অংশ নিতে দেখা গেছে।