# নিজস্ব প্রতিবেদক :-
গরু চুরির সময় হোসেনপুরে হাতেনাতে তিন গরুচোরকে গণধোলাই দিয়ে থানায় দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আজ ৪ জুন রোববার বিকালে উপজেলার উত্তর পানান গ্রামের গোলাপ মিয়ার একটি ষাঁড় চুরি করার সময় এলাকাবাসী হাতেনাতে তিন চোরকে একটি অটোরিকশাসহ আটক করেন। এসময় এলাকাবাসী তাদের গণধোলাই দিয়েছে।
আটককৃতরা হলো হোসেনপুরের সাহেদল গ্রামের আব্দুল করিম (৪০), পার্শ্ববর্তী রহিমপুর গ্রামের আব্দুস সাত্তার (৩২) ও নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ছিরান গ্রামের মতিউর রহমান (৫৫)। তবে তাড়াইলের উজ্জ্বল (৪০) নামে একজন পালিয়ে গেছে বলে এরা জানিয়েছে। । গত ১৫ দিনে দক্ষিণ গোবিন্দপুর গ্রামের ফরিদ উদ্দিনের ৫ লাখ টাকা দামের দুটি গাভী এবং কৃষক উজ্জ্বল মিয়ার একটি গাভী চুরি হয়েছে বলে এলাকাবাসী খায়রুল জানিয়েছেন।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানিয়েছেন, তিন গরুচোর আটকের খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদেরকে কিছু প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়েছে। এরপর গরুর মালিক গোলাপ মিয়া বাদী হয়ে রাতে থানায় মামলা করেছেন। ওসি জানান, এরা এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছে। কিন্তু অল্পদিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসে আবার গরু চুরিতে লিপ্ত হয়। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে গরু চুরির প্রবণতা বেড়েছে বলেও ওসি মনে করছেন