# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অধীনে ২৩টি প্রকল্পের কাজ চলমান থাকলেও চলছে ধীর গতিতে। অনেক জায়গায় প্রকল্পের কাজ অর্ধসম্পন্ন অবস্থায় পড়ে আছে। অনেক জায়গায় রাস্তার কাজ বন্ধ হয়ে আছে। ভোগান্তি হচ্ছে যানবাহন আর পথচারীদের। যানবাহনের যাত্রীদের গাড়ির ঝাঁকুনিতে ভোগান্তি হয়। আবার যাত্রী আর পথচারীদের ধুলোবালিতে ভোগান্তি হয়। রাস্তার যেটুকু কাজ সম্পন্ন হয়েছে, তাও নষ্ট হয়ে যাচ্ছে। কাজের গতি থমকে থাকার প্রধান কারণ নির্মাণ সামগ্রির অত্যধিক মূল্যবৃদ্ধি বলে জানা গেছে। যে প্রাক্কলিত মূল্যে ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছিল, এর চেয়ে এখন খরচ বেড়ে গেছে অনেক। প্রকৌশলী থেকে শুরু করে ঠিকাদার, সবারই একই ব্যাখ্যা।
কিশোরগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানিয়েছেন, জেলায় এখন প্রায় ৭৮০ কোটি টাকার ২৩টি প্রকল্পের কাজ চলমান আছে। এর মধ্যে রাস্তা, সেতু, মসজিদ ও সেচপ্রকল্প রয়েছে। কোন কোন প্রকল্পের অধীনে একাধিক কাজ আছে। রাস্তার কাজের মধ্যে নতুন রাস্তার কাজ আছে ৩৮ দশমিক ২১০ কিলোমিটার। আর মেরামতের কাজ আছে ২১২ দশমিক ১৫ কিলোমিটার।
উল্লেখিত ২৩টি প্রকল্পের অধীনে অন্তত ৫০টি কাজ বন্ধ হয়ে আছে। এর প্রধান কারণ হিসেবে নির্বাহী প্রকৌশলী নির্মাণ সামগ্রির মূল্যবৃদ্ধিকে দায়ী করেছেন। ঠিকাদাররা কিছু কাজের মূল্য পুনর্বিবেচনারও দাবি জানিয়েছেন। আবার কেউ কেউ নির্মাণ সামগ্রির মূল্য হ্রাসের অপেক্ষায় কাজ বন্ধ রেখেছেন বলে তিনি জানিয়েছেন।
নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, যেসব রাস্তায় ভিটুমিন দিতে হবে, সেগুলির কাজ বন্ধ হয়ে আছে। কারণ ভিটুমিনের দাম অনেক বেড়ে গেছে। যে কারণে রাস্তার কাজে ভিটুমিন প্রয়োগের আগের ধাপের কাজও থমকে আছে। কারণ, ভিটুমিন প্রয়োগ করতে না পারলে আগের ধাপের কাজও ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে।
এলজিইডির প্রথম শ্রেণির ঠিকাদার গৌতম সরকার জানিয়েছেন, এক বছর আগেও একড্রাম ভিটুমিনের দাম ছিল সাড়ে ৪ হাজার টাকা। এখন দাম উঠে গেছে ১৭ হাজার টাকায়। প্রতি ঘনফুট পাথর চিপসের দাম ছিল ১৩০ টাকা। এখন হয়ে গেছে ২২০ টাকা। রড, সিমেন্ট, ইটসহ প্রতিটি নির্মাণ সামগ্রিরই দাম অনেক বেড়ে গেছে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে মিস্ত্রী আর শ্রমিকের মজুরিও অনেক বেড়ে গেছে। ফলে যেই মূল্যে আমরা দরপত্রে অংশ নিয়ে কাজ পেয়েছিলাম, তাতে এখন প্রকল্প সম্পন্ন করে লাভ দূরের কথা, উল্টো গচ্ছা দিতে হবে, মন্তব্য করেছেন ঠিকাদার গৌতম সরকার।
এদিকে হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তা থেকে সদর উপজেলার বিশ্বরোড পর্যন্ত প্রায় ৪ কি.মি. সড়কের সংস্কার কাজ দেখতে গিয়ে করুণ চিত্র ধরা পড়েছে। পুরো রাস্তা কংক্রিট দিয়ে সলিং করে ফেলে রাখা হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, প্রায় এক বছর ধরে রাস্তার এই অবস্থা। কাজের কোন অগ্রগতি নেই, ঠিকাদার ফেলে রেখেছেন। প্রচণ্ড রোদের সময় যানবাহন যাতায়াতের সময় প্রচুর ধুলা ওড়ে। একবার এই রাস্তা দিয়ে যাতায়াত করলে বাড়ি গিয়ে গোসল করতে হয়। জামাকাপড় ধৌত করতে হয়। দুই পাশের দোকানপাট আর বাড়িঘরও ধুলায় একাকার। আবার বৃষ্টির সময় খানাখন্দে পানি জমে থাকে। ছোটখাট দুর্ঘটনাও ঘটে।
এই রাস্তা ব্যবহারকারী হরিশচন্দ্রপট্টি এলাকার মুকুল মিয়া ও গোবিন্দপুর এলাকার খায়রুল ইসলাম জানিয়েছেন, এই রাস্তাটি অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত হালকা ও ভারী যানবাহন চলাচল করে। কিশোরগঞ্জ থেকে হোসেনপুর এবং ময়মনসিংহেও প্রচুর যানবাহন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তার কাজ সম্পন্ন না হওয়ায় ধুলাবালি ছাড়াও সময়ও বেশি লাগে। মানুষের চরম ভোগান্তি হচ্ছে বলে তারা মন্তব্য করেছেন।
হোসেনপুরের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হক জানিয়েছেন, গোবিন্দপুর চৌরাস্তা থেকে কেশেরা এবং আমান সরকারের বাজার থেকে কিশোরগঞ্জ সদরের দিকে দুটি পৃথক খণ্ডে ৩ কি.ম. ৭৮১ মিটার রাস্তার কাজ হচ্ছে। ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকার ওপরে। কাজটি পেয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী। গত ডিসেম্বরের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা থাকলেও তিনি আরও ৬ মাস সময় চেয়েছেন বলে প্রকৌশলী আব্দুল হক জানিয়েছেন। তিনিও জানান, নির্মাণ সামগ্রির মূল্যবৃদ্ধির কারণে ঠিকাদাররা যথাসময়ে প্রকল্প শেষ করতে পারছেন না।