# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় ডাব খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৌর শহরের ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুল্লাহ নিয়াজ, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, ভৈরব থানার দুই পুলিশ সদস্য, ৩ জন পথচারীসহ দুই পক্ষের আনুমানিক ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।
৩ জুন শনিবার বিকাল ৫টায় পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া ও চণ্ডিবের এলাকার দুই গ্রুপের মধ্যে পাওয়ার হাউজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বেলা ৩টায় ডাব খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের দুইজন যুবকের বাকবিতাণ্ডের মাধ্যমে সংঘর্ষের সূত্রপাত হয়।
খবর পেয়ে পুলিশ, র্যাবসহ ঘটনাস্থলে এসে দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে শহরের চণ্ডিবের এলাকার এলাহী বাড়ির আইয়ুশ ও দর্পণ নামে দুই যুবকের সাথে ভৈরবপুর উত্তর পাড়া এলাকার নিদাই ওজির বাড়ির নাউমসহ চার/পাচঁজন ছেলের সাথে ফেরিঘাট এলাকায় ডাব খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এ সময় একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। চণ্ডিবের গ্রামের পক্ষে স্থানীয় কাউন্সিলর মনির হোসেন ও ভৈরবপুর উত্তর পাড়া এলাকার পক্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা ঘটনাস্থলে এসে বিষয়টি মিটমাট করবেন বলে দুই পক্ষকে শান্ত করেন। পরবর্তীতে ঘণ্টা খানেক যেতে না যেতেই আবার দুই পক্ষ দা, বল্লম, লাঠি, ইট, পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
বিকাল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। খবর পেয়ে ভৈরবপুর উত্তর পাড়া এলাকার কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ ও চণ্ডিবের এলাকার কাউন্সিলর মনির হোসেনসহ ভৈরব থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। ওই সময় সংঘর্ষ বন্ধ করতে গিয়ে দুই কাউন্সিলরসহ দুই পুলিশ সদস্য আহত হয়। এ ছাড়াও দুই গ্রুপের আরো প্রায় ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে দুই পুলিশ সদস্যসহ দুই পক্ষের ১৯ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত চন্ডিবের এলাকার পাভেল ও নীরব নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। সংঘর্ষে তিনজন পথচারীও আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় ৮ ঘণ্টা দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিনীতা দাস জানান, মারামারির ঘটনায় আহত দুইজন পুলিশ সদস্যসহ ১৯ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত চন্ডিবের এলাকার পাভেল ও নীরবকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চণ্ডিবের এলাকার কাউন্সিলর মনির হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে মারামারি হয়। আমি এবং ভৈরবপুর উত্তর পাড়া এলাকার বাসিন্দা উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজাকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনার পর ভৈরবপুর উত্তর পাড়া এলাকার নেতৃবৃন্দদের ঘটনা অবহিত করি। তাৎক্ষণিক ওই এলাকার কাউন্সিলর গুরুত্ব দিলে বিষয়টি সহজেই মিট হয়ে যেত। পরবর্তীতে ঘণ্টা দুয়েকপর দুই গ্রুপের সংঘর্ষের সৃষ্টি হয়। তাদের ফেরাতে গিয়ে আমি বুকে ও পায়ে আঘাত পেয়েছি। সংঘর্ষে ভৈরবপুর উত্তর পাড়া এলাকার লোকজন ফেরিঘাট এলাকায় দোকান-পাট ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছে।
ভৈরবপুর উত্তর পাড়া এলাকার কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ বলেন, আমি বিশেষ কাজে ব্যস্ত ছিলাম। সাড়ে চারটায় খবর পেয়ে আমি ফেরিঘাট এলাকায় যাওয়ার চেষ্টা করি। কিন্তু ওই মুহুর্তে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত ছিল। আমি তাদের ফেরাতে গিয়ে হাতে আঘাত পেয়েছি। পুলিশ ও র্যাব সদস্যরা রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ডাব খাওয়া নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়। ডাব খাওয়ার মতো তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে র্যাব ও আমার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে পরিস্থিতি শান্ত রাখতে ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এলাকাবাসীর নেতৃবৃন্দের অবহেলা রয়েছে এসব তুচ্ছ বিষয়ে ঝগড়া হওয়ার পেছনে। দীর্ঘদিন যাবত ভৈরবের যুবসমাজ অভিভাবকহীনতায় ভুগছে। স্থানীয় নেতাদের হস্তক্ষেপ নেই বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সময় লাগছে। পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষকারীরা পুলিশকে গালাগালিসহ পুলিশের উপর আক্রমণ করে।