# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ২০০ বছরের পুরোনো হযরত শাহ সুফী হাছেন আলী পাগলার মাজারটি মাদক সেবীদের আস্তানায় পরিণত হয়েছে। ভৈরব পৌর শহরের দক্ষিণ ঋষি পট্টি এলাকায় এই মাজারে দিন রাত মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। হিন্দু মুসলিম মিলে প্রায় হাজার লোকের বসবাস এই মাজার এলাকায়। মেঘনা নদীর তীর ঘেষা মাজার হওয়ায় নদীর ঘাটলায় নারী পুরুষ মিলে গোসল করে পর্যায়ক্রমে। প্রথমে নারী পরে পুরুষরা গোসল করে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের অত্যাচারে সেখানে গোসলও করতে পারে না নারীরা। স্থানীয়দের অভিযোগ নারীদের নিয়মিত গোসলের জায়গা এটি। মাদক সেবীদের অত্মাচারে মুসলিম নারীরা নামাযের ওযু পর্যন্ত করতে পারে না। মাজার এলাকায় ভাল মানুষের আনাগোনাও আগেরমত লক্ষ করা যায় না এমনটাই অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত দক্ষিণ ঋষি পট্টি এলাকার এই মাজারে সকল শ্রেণি মানুষের আনাগোনা ছিল। দিন দিন মানুষে আসা যাওয়া কমে যাচ্ছে। ভৈরব দক্ষিণ পাড়া এলাকার আলী আজগর মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ফয়সাল মিয়া (৩৭), একই এলাকার খায়ের মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৪) ও মাজার এলাকার মালেক মিয়ার ছেলে ধানু (৩৫) এর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তারা আরো জানায় ৮ মার্চ শবেবরাত রাতে নেশা করতে গিয়ে মাজারের একটি রুমে তারা আগুন লাগিয়ে দেয়। এসময় আশে পাশের মানুষজন আতঙ্কে পড়ে যায়। নদীর তীর ঘেষা হওয়ায় স্থানীয় সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ১০ মার্চ স্থানীদের সাথে মাজারে এক মহিলার অযুর বিষয় নিয়ে বাকবিতণ্ডে জড়িয়ে মাদক ব্যবসায়ী ফয়সাল, শরীফ ও ধানু এলাকাবাসীর উপর হামলা করে। স্থানীয়রা একজোট হয়ে তাদের মাজার এলাকা থেকে বের করে দেয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী ফয়সাল ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে মাদকসেবী সাঙ্গ পাঙ্গ নিয়ে এলাকাবাসীদের হামলা করে। স্থানীয়রাও লাঠিসোটা নিয়ে তাদের প্রতিহত করে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই তারা তিনজন পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর আল-আমিন সৈকত এসে পরিস্থিতি শান্ত করে। স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন থানা পুলিশের সাথে তাদের সহ্যতা রয়েছে। এই মাজারে পুলিশ সদস্যদেরও আড্ডা দিতে দেখা গিয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নারগিস বেগম অভিযোগ করে বলেন, রমজান মাস নিয়মিত নামায রোজা করতে হয়। মাজার গেইটে কাউন্সিলরের দেয়া তিনটি টিউবওয়েল আছে। সেখানে ওযু করতে দেয়নি মাদক ব্যবসায়ী ফয়সাল, শরীফ ও ধানু। বরং ক্ষিপ্ত হয়ে তাকে তারা মারতে যায়।
স্থানীয় বাসিন্দা বানুদাস, চন্দ্র মোহন দাস, শাহেদ মিয়া ও আনোয়ারা খাতুন বলেন, মাদক ব্যবসায়ী ফয়সাল, শরীফ ও ধানু এই মাজারে তাদের নিজস্ব সিসি ক্যামেরা স্থাপন করেন। মাজারের খাদেম জানেই না তারা সিসি ক্যামেরা স্থাপন করেছে। মাদক ব্যবসার সুবিধার্থে ও স্থানীয় নারীদের গোসলের দৃশ্য দেখতে তারা সিসি ক্যামেরা স্থাপন করেছেন।
মাজারের খাদেম তাহের মাস্টার জানান, মাদক ব্যবসায়ী ফয়সাল, শরীফ ও ধানুর বিরুদ্ধে এসিল্যান্ড অফিস ও থানায় আমি অভিযোগ দিয়ে রেখেছি। তারা এর কোন বিচার করছে না। সতেরো শতক জায়গার এ মাজার আছে সাত শতক জায়গার উপর। আমি জনস্বার্থে জায়গা দিয়ে রেখেছি। হযরত শাহ সুফী হাছেন আলী পাগলার দ্বারা অনেকের উপকার হয়েছে। সকল শ্রেণির মানুষ আসে এই মাজারে। দুইশো বছর পুরনো এই মাজার। এখানে আমার দাদা পরে আমার বাবা ও এখন আমি পর্যায়ক্রমে খাদেমের দায়িত্ব পালন করছি। মাদক ব্যবসায়ী ফয়সাল, শরীফ ও ধানু দীর্ঘদিন যাবত মাজারে অবস্থান করছে। সিসি ক্যামেরার বিষয়টি আমি জানতাম না। স্থানীয়দের সহযোগীতায় ক্যামেরা সাটানো হবে।
মাদক সেবী ধানুর বউ আন্না বেগম অভিযোগ করে বলেন আমার স্বামীকে মাদক ব্যবসায়ী ফয়সাল, শরীফ খারাপ বানিয়ে ফেলেছে। আমার স্বামী আমাকে প্রতিদিন শারীরিক নির্যাতন করে। আমার মেয়েকে আমার স্বামী মাদক ব্যবসায়ী ফয়সালের হাতে তুলে দিতে চেয়েছিল। আমি অনেক কষ্টে মেয়েকে আগলে রেখেছি। আমি আমার স্বামীসহ মাদক ব্যবসায়ী ফয়সাল, শরীফের বিচার চাই।
স্বামীহারা নারী শামসুন্নাহার বলেন আমার একমাত্র ছেলেকে ছোট বেলা থেকেই মাদক ব্যবসায়ী ফয়সাল, শরীফ ও ধানু মাদকের সাথে জড়িয়ে দিয়েছে। আমার ছোট মেয়ের দিকেও তারা কুদৃষ্টি দিয়েছে আমি এদের বিচার চাই।
স্থানীয় কাউন্সিলর আল আমিন সৈকত বলেন, মাজারটি মেঘনার তীর ঘেষা হওয়ায় এই নদী পথে সহজেই মাদক পৌছে যায় ব্যবসায়ীদের হাতে। দক্ষিণ ঋষি পট্টি এলাকাটি মাদক ব্যবসায়ী ফয়সাল, শরীফ ও ধানু মিলে মাদকের ঘাটি বানিয়ে ফেলেছে। তারা স্থানীয়দের অত্যাচার করে অতিষ্ঠ করে রেখেছে।
এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না। এ প্রতিনিধির মাধ্যমে বিষয়টি অবগত হয়ে তিনি বলেন আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।
ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ১০ এপ্রিল একটি ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।