# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে রাস্তা পারাপারের সময়ে বালুবাহী ট্রাক চাপায় ফয়েজ উদ্দিন মহুরি (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার মৃত সোনা মিয়ার ছেলে।
১০ এপ্রিল সোমবার সকাল সাড়ে আটটায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে সরকারি হাজী আসমত কলেজ গেইটের সামনে বালুবাহী ট্রাকের চাপায় ফয়েজ উদ্দিন আহত হন। স্থানীয়দের সহযোগীতায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের সরকারি হাজী আসমত কলেজ গেইটের সামনে ফয়েজ উদ্দিন রাস্তা পারাপারের সময়ে হঠাৎ নেত্রকোনা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া মুখী বালু বাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪০৪৭০) চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার সময় তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে জনতা ট্রাকচালক ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার কাউতলি এলাকার ইদু মোল্লার ছেলে মোজাহিদ (২৮) কে আটক করে হাইওয়ে পুলিশের নিকট সোর্পদ করে।
নিহত বৃদ্ধের ছেলে রবিন মিয়া বলেন, কলেজ গেইটের সামনে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময়ে হঠাৎ বালুবাহী একটি ট্রাক আমার বাবাকে চাপা দেয়। পরে স্থানীয় উদ্ধার করে আমাদের খবর দিলে আমরা দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাস্তায় গাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে গাড়ি চালক মোজাহিদ বলেন, লোকটি হঠাৎ দৌড় দিলে ট্রাকের নিচে পড়ে। ১ বছর যাবত হাইওয়ে রোডে ড্রাইভিং করে এবং তার কোন লাইসেন্স নেই বলে এ প্রতিনিধির কাছে স্বীকার করেন।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজ্জামেল হক জানান, সকালের দিকে বালুবাহী ট্রাকের চাপায় এক পথচারী রাস্তা পারাপারের সময়ে চাকায় পৃষ্ট হয়ে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এই ঘটনার সাথে জড়িত বালুবাহী ট্রাক চালককে আটক করা হয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।