কিশোরগঞ্জের ভৈরবে নতুন করে ৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই একই পরিবারের সদস্য। এদের মধ্যে ৬ নারী ও একজন পুরুষ সদস্য রয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভৈরবে। আর আক্রান্তদের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানায়, গত ১০ মে সরকারের শপিংমল খোলার নির্দেশনা পেয়ে বন্দরনগরী ভৈরবে সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হুমড়ি খেয়ে পড়ে ব্যবসায়ীরা। একই সাথে স্বাস্থ্য বিধি না মেনে বাজারে হাজার হাজার ক্রেতারা ভিড় করে। ফলে শহরে করোনার সংক্রামণ বাড়বে বলে আশঙ্কা দেখা দেয়। যদিও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ভৈরব চেম্বার অব কমার্স ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত অর্থাৎ মাত্র ৩ দিন বাজারের দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে আগামীকাল শনিবার থেকে আবার খুলছে ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও এ পর্যন্ত বাজারের কয়েকজন ব্যবসায়ীর দেহে করোনা সনাক্ত হয়েছে। এরপরও আগামীকাল সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে ব্যবসায়ীরা।
এদিকে স্বাস্থ্য সচেতন মানুষের দাবী, যেখানে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের জেলাগুলোর ব্যবসায়ী এবং ব্যবসায়ীদেও সংগঠন নিজ উদ্যোগে আগামী ৩০ মে পর্যন্ত নিত্য ও কৃষিপণ্য এবং ঔষধ ব্যতীত সকল ধরণের ব্যব্যসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে ভৈরবের চেম্বার অব কমার্স মাত্র ৩ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়টিকে অনেকে মেনে নিতে পারছেন না। ফলে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এমন সিদ্ধান্ত নিয়ে উপজেলার স্বাস্থ্য সচেতন মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ জানান, মহামারী করোনার সংক্রামণ ঠেকাতে হলে স্বেচ্চায় লকডাউনে যেতে হবে। জনসমাগম এড়াতে বন্ধ রাখতে বিপনী বিতান বা শহরের সব ক’টি মার্কেট। তা- না হলে প্রাণঘাতি করোনা সংক্রামণ থেকে কেউ রেহাই পাবে না। তাছাড়া এরই মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ভৈরব চেম্বার অব কমার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি করোনার নানা দিক নিয়ে একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সামাজিক দূরত্ব নিশ্চিত না করে বাজারে সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলে ব্যপক হারে করোনার সংক্রামণ ছড়িয়ে পড়বে। প্রয়োজনে স্বল্প ও সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে দোকান-পাট খুলতে অনুরোধ করা হয়েছে।