# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হোসেনপুর পল্লীবিদ্যুৎ অফিসের বিরুদ্ধে গ্রাহকদের ওপর ভৌতিক বিল চাপিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ডিসেম্বর মাসে যে বিল দেয়া হয়েছিল, জানুয়ারিতে তার তিনগুণ বিল দেয়া হয়েছে বলে গ্রাহকরা জানিয়েছেন। গ্রাহকরা বিদ্যুৎ অফিসে বিল সংশোধন করতে গেলে বিল প্রস্তুতকারি শামীমা বেগম তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গোবিন্দপুর এলাকায় বৃহস্পতিবার বিকালে গ্রাহকদের নিয়ে বাসদ (মার্ক্সবাদী) মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
এতে বক্তৃতা করেন দলের জেলা সমন্বয়ক মো. আলাল মিয়া, ব্যবসায়ী সিরাজ উদ্দিন, কৃষক জমির উদ্দিন, এবায়দুল ইসলাম প্রমুখ। বক্তাগণ এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। বিল প্রস্তুতকারি শামীমার অপসারনও দাবি জানিয়েছেন। পাশাপাশি সেচ মৌসুমে ঘন ঘন লোডশেডিং বন্ধেরও দাবি জানিয়েছেন।
আলাল মিয়া জানান, তাঁর গোবিন্দপুর গ্রামের বাড়ির একটি মাত্র ঘরে মিটার রিডিং অনুযায়ী ডিসেম্বরে খরচ হয়েছিল ১০ ইউনিট। বিল এসেছিল ৮২ টাকা। মিটার রিডিং অনুযায়ী জানুয়ারি মাসেও খরচ হয়েছে ১০ ইউনিট। কিন্তু ৭৫ ইউনিট খরচ দেখিয়ে বিল করা হয়েছে ৪৭৯ টাকা। দক্ষিণ পুমদি এলাকার মামুনের ডিসেম্বর মাসে বিল এসেছে ১ হাজার ৩০০ টাকা। অথচ জানুয়ারি মাসে বিল চাপিয়ে দেয়া হয়েছে ৪ হাজার ৭৮০ টাকা। ডাহরা এলাকার গ্রাহক হুমায়ুন কবিরের ডিসেম্বর মাসে বিল এসেছিল ২ হাজার ৪৯১ টাকা। জানুয়ারিতে বিল দেয়া হয়েছে ৭ হাজার ৩৫৭ টাকা। তদেরও বিলের সঙ্গে মিটার রিডিংয়ের চরম অসঙ্গতি রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে জেলা পল্লীবিদ্যুতের জিএম প্রকৌশলী মো. জুলফিকারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ ধরনের বাড়তি বিল করার কোন দির্শেনা তাদের দেয়া হয়নি। গ্রাহকরা তাঁর কাছে বিল নিয়ে অভিযোগ করলে তিনি বিভাগীয় তদন্তের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।